‘মৃত্যুপুরী’ হওয়ার শঙ্কায় রোহিঙ্গা ক্যাম্প!

আপডেট : ০১ এপ্রিল ২০২০, ১২:৩৬ পিএম

বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী আশ্রয়কেন্দ্র কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প চোখের পলকে ‘মৃত্যুপুরীতে’ পরিণত হতে পারে বলে শঙ্কা করছেন সেখানকার বাসিন্দা এবং এনজিও কর্মীরা। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমেও এমন শঙ্কার কথা জানানো হয়েছে।

ব্রিটিশ গণমাধ্যম মেট্রোতে মঙ্গলবার রোহিঙ্গা ক্যাম্প নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, নভেল করোনাভাইরাসে ‘মৃত্যু আর ধ্বংস স্থানে’ পরিণত হতে পারে এলাকাটি।

ভাইরাস প্রতিরোধ করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যে সামাজিক দূরত্বের কথা বলা হচ্ছে, সেটি ক্যাম্পে নিতান্ত অসম্ভব কাজ বলে মনে করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাম্পে ভাইরাস দাবানলের মতো ছড়িয়ে পড়তে পারে।

আজিজ খান নামের ২৩ বছর বয়সী এক শরণার্থী সংবাদমাধ্যমটিকে বলেন, ‘কাছের একটি শহরে করোনাভাইরাস রোগী শনাক্ত হওয়ায় আমরা সবাই চিন্তায় অসুস্থ হয়ে যাচ্ছি।’

‘আমাদের পরিষ্কার পানি দরকার। চিকিৎসার নিশ্চয়তা দরকার।’

রোহিঙ্গাদের নিয়ে চিন্তায় আছে জাতিসংঘও। সংস্থাটির রিফিউজি এজেন্সির যোগাযোগ কর্মকর্তা লুই ডোনভানকে উদ্ধৃত করে মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে যাওয়া কয়েক লাখ রোহিঙ্গা বেশ ঝুঁকিতে রয়েছেন।

ডয়চে ভেলের প্রতিবেদন থেকে জানা গেছে, গত সপ্তাহে ভারত থেকে ফেরা চার সদস্যের একটি রোহিঙ্গা পরিবারকে জাতিসংঘের তত্ত্বাবধানে কোয়ারেন্টাইনে নেয়ার খবরে রোহিঙ্গাদের মধ্যে করোনা নিয়ে আতঙ্ক তৈরি হয়। এরপর ৬৫ বছর বয়সী আরেক নারীর করোনা আক্রান্ত হওয়ার খবর তাদের আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত