শেওয়াগ নয়, আফ্রিদি বদলে দিয়েছে টেস্টের ব্যাটিং: আকরাম

আপডেট : ০১ এপ্রিল ২০২০, ০৭:৪৮ পিএম

বিরেন্দ্রর শেওয়াগের ব্যাটিং এখনো নস্টালজিক করে তোলে ক্রিকেট প্রেমীদের। ওয়ানডে তো বটেই, টেস্টেও শুরু থেকেই প্রতিপক্ষের বোলারদের ওপর চড়াও হয়ে ব্যাট চালাতেন। এই সময়ে যেমনটা ডেভিড ওয়ার্নাররা করে থাকেন। বলা হয় টেস্টে ওপেনিং ব্যাটসম্যানদের মানসিকতা বদলে দিয়েছিলেন শেওয়াগ।

কিন্তু ওয়াসিম আকরামের চোখে বিরেন্দ্রর শেওয়াগ নন, শহীদ আফ্রিদি বদলে দিয়েছেন টেস্টে ওপেনিং ব্যাটিংয়ের ধারা। ইউটিউবে একটি ক্রিকেট বিষয়টি টক শোতে সম্প্রতি এমনটাই জানান আকরাম।

পাকিস্তানের সাবেক পেসারের মতো শেওয়াগ পরে এসেছে। তার আগে টেস্টে ওপেনার ব্যাটারদের মানসিকতা বদলে দেন আফ্রিদিই।

আকরাম বলেন, ‘শেওয়াগ টেস্টে পরে এসেছিল। তবে ১৯৯৯-২০০০ সালে শহীদ আফ্রিদি টেস্টে ওপেনিং ব্যাটিংয়ের ধাঁচ বদলে ফেলেছিল। আমি বোলার হয়ে বুঝতে পারতাম আফ্রিদিকে আউট করা যাবে তবে ও আমার বলে বাউন্ডারিও হাঁকাবে। লুজ বলে ইচ্ছা মতো বাউন্ডারি মারার ক্ষমতা ছিল ওর।’

১৯৯৮ সালে টেস্টে অভিষেক হয় আফ্রিদির। তবে ১৯৯৯-২০০০ মৌসুমে ভারত সফরে আফ্রিদিকে ওপেনার হিসেবে সুযোগ করে দেওয়া হয়। আফ্রিদি সেই সিরিজে টেস্টে প্রথমবারের মতো সেঞ্চুরি হাঁকান। পাকিস্তান সিরিজ জিতে নেয় ২-১ ব্যবধানে।

নির্বাচকেরা সেই সিরিজে আফ্রিদিকে নেওয়ার পক্ষে ছিল না বলে জানান আকরাম। কিন্তু ইমরান খানের পরামর্শে অধিনায়ক আকরাম আফ্রিদিকে দলে রাখার সিদ্ধান্ত নেন।

এরপর চেন্নাইয়ে প্রথম টেস্টেই ওপেন করানো হয় আফ্রিদিকে দিয়ে। দ্বিতীয় ইনিংসে ১৪১ রান করেন আফ্রিদি। সেই ইনিংসের প্রশংসা করে আকরাম বলেন, ‘ওহ, কি দারুণ একটা ইনিংস ছিল। ক্রিজে স্টেপ আউট করে ও কুম্বলে, জোশিকে ছক্কা হাঁকাত।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত