দেশে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার কাজে নিয়োজিত ডাক্তার ও নার্সদের সহায়তায় ৫০ হাজার মেডিকেল গ্রেড মানসম্পন্ন পেশাদার পিপিই (সম্পূর্ণ প্রতিরোধমূলক পোশাক, এন৯৫ মাস্ক, গ্লাভস ও গগলস) ও ১০ হাজার পিসিআর টেস্টিং কিট দেবে দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে নির্বাচিত হাসপাতালে এসব পিপিই ও কিট পৌঁছে দেবে প্রতিষ্ঠানটি। গতকাল গ্রামীণফোন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় গ্রামীণফোন।
গ্রামীণফোন জানায়, বৈশ্বিক মহামারী কভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশের জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান নিরন্তর কাজ করে যাচ্ছে। জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শুরু থেকে এটুআই ও স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে যৌথভাবে কাজ করছে গ্রামীণফোন। এই যৌথ প্রচেষ্টার ধারাবাহিকতায় গ্রামীণফোন করোনা প্রতিরোধযুদ্ধে যেসব স্বাস্থ্যকর্মী সরাসরি সামনে থেকে কাজ করবেন এবং আইসিইউতে দায়িত্ব পালন করবেন তাদের সুরক্ষায় এসব পিপিই ও কিট সহায়তা করবে।
এ নিয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, বাংলাদেশের মানুষের এই দুঃসময়ে আমাদের সরকারকে সহায়তা করার ক্ষেত্রে গ্রামীণফোনের এই ইতিবাচক উদ্যোগকে আমরা স্বাগত জানাই। গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, জনগণের জন্য প্রয়োজনে আরও বৃহৎ পরিসরে কাজ করতে আমরা প্রস্তুত আছি।
