সেনাবাহিনীপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, সেনাবাহিনী প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করছে। প্রধানমন্ত্রী করোনাভাইরাসকে যুদ্ধের সঙ্গে তুলনা করেছেন। আমরা সৈনিক, আমরা সব সময়ই যুদ্ধ করতে প্রস্তুত। সবাইকে সহযোগিতা করব বলে আমরা প্রস্তুতি নিয়ে আছি। গতকাল বুধবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
করোনাভাইরাস মোকাবিলায় মাঠপর্যায়ে সেনাবাহিনীর সদস্য সংখ্যা আরও বাড়ানো হবে কি নাথ সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, ‘যত প্রয়োজন, তত সেনাবাহিনীর সদস্য দেওয়া হবে। তবে অহেতুক আতঙ্ক সৃষ্টিরও প্রয়োজন নেই।’ বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. ফজলে কবির, এফবিসিসিআইর সভাপতি শেখ ফজলে ফাহিম, এফবিসিসিআইর সাবেক সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএর সভাপতি রুবানা হক ও বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ উপস্থিত ছিলেন।
