তাসকিনের জন্মদিনে চাওয়া

আপডেট : ০২ এপ্রিল ২০২০, ০১:১১ এএম

কাল ৩ এপ্রিল। তাসকিন আহমেদের জন্মদিন। বাংলাদেশ দলের দীর্ঘদেহী সুদর্শন পেসার ২৫-এ পা দিতে যাচ্ছেন। বরাবরের মতোই সব জন্মদিনে বাবার কাছ থেকে একটা উপহার পান তাসকিন। এবার ছেলে বাবার কাছে অন্যরকম এক উপহার চেয়ে নিয়েছেন।

করোনাভাইরাসের কারণে সমস্যায় রাজধানী ঢাকার মানুষ। আর্থিক সমস্যায় পড়েছেন মধ্যবিত্তরা। এই সমস্যা ভাবিয়েছে তাসকিনকে। তাই নিজের জন্মদিনের উপহার হিসেবে সব ভাড়াটিয়ার এক মাসের ভাড়া মাফ করে দিতে বাবাকে অনুরোধ করেন তিনি। ছেলের মানবিক আবদার মেনে নিয়েছেন বাবা আবদুর রশিদ। বলেছেন, ‘কাল তাসকিন এসে বলল, বাবা প্রতি বছরই তুমি আমার জন্মদিন উপলক্ষে কিছু না কিছু দাও। যত ভাড়াটিয়া আছে, তাদের এক মাসের ভাড়া নিও না এবার। তারপর সবাইকে জানিয়ে দিলাম এবার তাদের ভাড়া দিতে হবে না।’ করোনা সংক্রমণের মহামারীর সময়ে নিজ উদ্যোগে দুস্থদের সহায়তা করছেন তাসকিনের বাবা। তিনি আশা প্রকাশ করে বলেছেন, ‘এসবের মাধ্যমে আমি সবাইকে উৎসাহিত করতে চাই এগিয়ে আসার জন্য। সবাই যেন এগিয়ে আসে। সবাই যেন সাহায্যের হাত বাড়িয়ে দেয়।’

তাসকিন বলেন, ‘আমি অনেক চিন্তা করে দেখেছি, সাধারণ মধ্যবিত্ত পরিবার করোনায় ভীষণ কষ্টে আছে। তবে কখনো কারও কাছে চাইতে পারেন না তারা। আমার বাবার যে সম্পত্তি আছে তা থেকে মাসে এক লাখের বেশি ভাড়া আসে। আমি বাবাকে অনুরোধ করেছি, এবারে আমার জন্মদিনের উপহার হিসেবে তিনি যেন সেই ভাড়া মাফ করে দেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত