খেলোয়াড়দের বেতন কাটার ইচ্ছা নেই বিসিসিআই’র

আপডেট : ০২ এপ্রিল ২০২০, ১০:৩৩ এএম

ক্রীড়াঙ্গনের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে করোনাভাইরাস। খেলাধুলার সব ধরনের ইভেন্ট বন্ধ থাকার কারণে এর প্রভাব পড়তে যাচ্ছে খেলোয়াড়দের বেতন-ভাতাতে। তবে সংকটজনক এই পরিস্থিতিতেও খেলোয়াড়দের বেতন কর্তনের চিন্তা নেই বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআই’র একটি সূত্র।

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে একেবারে থমকে গেছে খেলাধুলা থেকে আয়ের উৎস। বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক দুর্দশায় খাবি খাচ্ছে বার্সেলোনা, জুভেন্তাস, বায়ার্ন মিউনিখসহ ইউরোপের নামি-দামি ফুটবল ক্লাবগুলোও। এই সময়ে খেলোয়াড় ও কোচিং স্টাফদের কম বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অনেক ক্লাব।

তবে ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের কম বেতন দেওয়ার কোনো চিন্তা এখন পর্যন্ত করছে না বিসিসিআইয়ের একটি সূত্র। এ ব্যাপারে বার্তা সংস্থা এএনআইকে ওই সূত্র বলেছেন, “আমরা এটা নিয়ে আলোচনা করিনি। এমনকি এখন এটা আমাদের মাথায়ও নেই।”

করোনাভাইরাসের কারণে স্থগিত করা হয়েছে আইপিএল টি-টোয়েন্টির ত্রয়োদশ আসর। পরিস্থিতি স্বাভাবিক হলে এটা নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন ওই সূত্র- “তবে পরিস্থিতি কবে স্বাভাবিক হবে সেটা এখনো পরিষ্কার না। পরিস্থিতি স্বাভাবিক হলেও আমরা আলোচনা বসব। যেহেতু পরিস্থিতি বাজে তাহলে কিভাবে আমরা আলোচনা করব। মনে করুণ আমরা এখনই সিদ্ধান্ত নিলাম। কিন্তু পরিস্থিতি ১৫ এপ্রিলের মধ্যে স্বাভাবিক না হলে তখন কি হবে।”

“আমরা ভিসার ওপর বিধিনিষেধ সরালেও কিছু দেশের ওপর এটা বহাল থাকতে পারে। তাই আমরা জানি না, পরিস্থিতি কেমন হবে। এখন পর্যন্ত পরিস্থিতি যেহেতু খুব অনিশ্চিত তাই আইপিএল নিয়ে কোনো কিছু ভাবার যুক্তি নেই।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত