ব্যাংকে নগদ লেনদেন ১০টা থেকে ১টা পর্যন্ত

আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ১২:৫০ এএম

করোনাভাইরাসের কারণে সরকারঘোষিত সাধারণ ছুটির সময় সীমিত করে আনা ব্যাংকে লেনদেনের সময় আরও এক ঘণ্টা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে ৫ থেকে ৯ এপ্রিল পর্যন্ত দ্বিতীয় দফার সাধারণ ছুটিকালীন সময়ে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ব্যাংকে নগদ লেনদেন করা যাবে। এ বিষয়ে গতকাল নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনের  উপমহাব্যবস্থাপক মোহাম্মদ আমিনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, করোনাভাইরাস মোকাবিলায় পূর্বঘোষিত সাধারণ ছুটির মেয়াদ বৃদ্ধি করেছে সরকার। সেজন্য ৫ থেকে ৯ এপ্রিল পর্যন্ত দৈনিক ব্যাংকিং লেনদেনের সময়সূচি পুনর্নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন সময়সূচি অনুযায়ী এখন থেকে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত ব্যাংক খোলা রাখা যাবে। তবে নগদ লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

এ ক্ষেত্রে লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য সংশ্লিষ্ট শাখা এবং প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ বেলা ৩টা পর্যন্ত কাজ করতে পারবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, উল্লিখিত সময়ে গ্রাহকের প্রয়োজনে নগদ অথবা চেকের মাধ্যমে অর্থ জমা ও উত্তোলনের পাশাপাশি ডিডি বা পে-অর্ডার ইত্যাদি ইস্যু, ট্রেজারি চালান জমা দেওয়া যাবে। এছাড়াও বাংলাদেশ ব্যাংক কর্র্তৃক চালু রাখা বিভিন্ন পেমেন্ট সিস্টেমের অথবা ক্লিয়ারিং ব্যবস্থার আওতাধীন অন্যান্য লেনদেন সুবিধাও ব্যাংকগুলোকে নিশ্চিত করতে হবে।

এর আগে ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ব্যাংক লেনদেন চালু রাখার নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত