বিমানবাহিনীর ‘ফার্স্ট এইড লাইভ সেভিং কোর্স’ উদ্বোধন

আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ০২:০৩ এএম

যেকোনো জাতীয় দুর্যোগে উদ্ধার ও প্রাথমিক চিকিৎসাসেবা প্রদানের জন্য চার সপ্তাহের ‘ফার্স্ট এইড লাইভ সেভিং কোর্স’ উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন। এছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশনায় করোনাভাইরাস মোকাবিলায় বিমানবাহিনী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এদিকে করোনাভাইরাস মোকাবিলায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে জীবাণুনাশক ছিটিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে এ তথ্য জানা যায়।

আইএসপিআর সূত্রে জানায়, জাতীয় যেকোনো ধরনের দুর্যোগ মোকাবিলায় বিমানবাহিনী সর্বদা সহায়তা প্রদান করে আসছে। করোনাভাইরাস মোকাবিলায় চিকিৎসা সহায়তা প্রদানের লক্ষ্যে বিমানবাহিনীর একটি মেডিকেল টিম সর্বদা প্রস্তুত রয়েছে। যেকোনো প্রয়োজনে সশস্ত্র বাহিনীর মেডিকেল টিমের সঙ্গে তারা সমন্বিতভাবে সেবা প্রদান করবে। এই টিমের সদস্যদের উদ্ধার ও প্রাথমিক চিকিৎসার ওপর প্রশিক্ষণের জন্যই ‘ফার্স্ট এইড লাইভ সেভিং কোর্স’।

উদ্বোধনী অনুষ্ঠানে বিমানবাহিনী প্রধান মাসিহুজ্জামান সেরনিয়াবাত করোনাভাইরাস প্রতিরোধে প্রশিক্ষণপ্রাপ্ত বিমানবাহিনীর সদস্যরা সক্রিয় ভূমিকা রাখবে বলে আশা পোষণ করেন। তিনি সবাইকে দেশপ্রেম ও নিষ্ঠার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের প্রতি সচেষ্ট থাকতে আহ্বান জানান। দেশের এই সংকটময় পরিস্থিতিতে বিমানবাহিনী সর্বদা যেকোনো প্রয়োজনে সহায়তা প্রদানে প্রস্তুত আছে বলে সবাইকে আশ^স্ত করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত