করোনা: শোয়ার্জনেগারের ১৪ লাখ ডলার অনুদান

আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ০৯:২৬ এএম

বডিবিল্ডিং ইন্ডাস্ট্রির আইকন ও হলিউড অ্যাকশন সিনেমার জীবন্ত কিংবদন্তি আর্নল্ড শোয়ার্জনেগার বরাবরই সমাজ সচেতন। বিভিন্ন উপলক্ষে দেখা গেছে শুধু কথা বলেই নিজের দায় সারেননি, বরং অংশ নিয়েছেন নিজের আর্থিক সামর্থ্য অনুসারে।

করোনাভাইরাসজনিত সংকটে আবারও এগিয়ে এলেন ‘টার্মিনেটর’ তারকা। ঘোষণা দিয়েছেন প্রায় দেড় মিলিয়ন ডলার অনুদানের।

সম্প্রতি ইনস্টাগ্রামে শোয়ার্জনেগার এই ঘোষণা দেন। সেখানে জানান, তহবিল সংগ্রহকারী একটি সংস্থাকে তিনি ১৪.৩ লাখ ডলার অনুদান দিচ্ছেন। এই টাকায় কেনা হবে হাসপাতালের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম।

এই প্রসঙ্গে বলেন, ঘরে বসে কোনো কিছু নিয়ে সমালোচনায় তিনি বিশ্বাস করেন না। বরং বিদ্যমান অবস্থার পরিবর্তনে আমাদের সবার কিছু না কিছু করার আছে বলে তার বিশ্বাস।

করোনা সংকটে অনুদান নিয়ে এগিয়ে আসার জন্য সবাইকে অনুরোধও জানান ক্যালিফোর্নিয়ার সাবেক এই গভর্নর।

অনেক দিন ধরে সিনেমা কম করছেন আর্নল্ড শোয়ার্জনেগার। সর্বশেষ অভিনয় করেছেন জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির সিক্যুয়াল ‘টার্মিনেটর: ডার্ক ফেইট’-এ। কিন্তু সিনেমাটি বক্স অফিসে ততটা সাড়া ফেলতে পারেনি। সামনে দেখা যাবে ‘কুং ফিউরি টু’ সিনেমায়। এখানে তিনি প্রেসিডেন্টের চরিত্রে অভিনয় করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত