ঝিনাইদহের হরিণাকুণ্ডু পৌরসভার প্যানেল মেয়র খাইরুল ইসলামকে মারধর করে ত্রাণের টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হরিণাকু-ু থানায় মামলা হয়েছে। ঘটনার প্রতিবাদে গতকাল শুক্রবার দুপুরে হরিণাকু-ু পৌরসভার সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে কর্মকর্তা-কর্মচারীরা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে পৌরসভার মেয়র শাহিনুর রহমান রিন্টুসহ অন্যরা অংশ নেয়।
এ সময় বক্তারা অভিযোগ করেন, করোনার কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের ত্রাণ দেওয়ার জন্য হরিণাকুণ্ডু পৌরসভার পক্ষ থেকে সাড়ে পাঁচ লাখ টাকা বরাদ্দ করা হয়। গত বৃহস্পতিবার রাতে টাকা নিয়ে পৌরসভায় যাচ্ছিল প্যানেল মেয়র খাইরুল ইসলাম। এ সময় হরিণাকুণ্ডু পৌর এলাকার সাইফুল ইসলাম টিপু মল্লিক ও কামাল মল্লিকসহ কয়েকজন খাইরুলের ওপর হামলা চালিয়ে মারধর করে এবং তার কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়ে যায়।
তবে সাইফুল ইসলাম টিপু মল্লিক বলেন, আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে মামলা করেছে। হরিণাকুণ্ডু থানার ওসি আসাদুজ্জামান মামলার সত্যতা স্বীকার করেছেন।
