বেসরকারি হাসপাতাল-ক্লিনিক বন্ধ থাকলে ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ০১:১১ এএম

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও প্রাইভেট চেম্বারগুলোতে রোগীরা সেবা না পেয়ে ফিরে গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গতকাল শুক্রবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে তিনি এ হুঁশিয়ারি দেন। এ সময় তিনি বিভিন্ন মিডিয়ায় করোনাভাইরাস নিয়ে ‘ভুয়া নিউজ’ প্রচারিত হচ্ছে অভিযোগ তুলে গণমাধ্যমকর্মীদের ‘পজিটিভ নিউজ’ করার আহ্বান জানান।

অভিযোগ রয়েছে, করোনাভাইরাস সংক্রমণের ভয়ে অনেক চিকিৎসক চেম্বারে বসছেন না, রোগীদের চিকিৎসা দিচ্ছেন না। এছাড়া অনেক রোগী কয়েক হাসপাতাল ঘুরেও চিকিৎসা না পেয়ে মারা যাওয়ার ঘটনা প্রায়ই আসছে গণমাধ্যমে। এসব অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রাইভেট হাসপাতাল কাজ কম করছে। ক্লিনিক ও চেম্বারগুলো অনেকাংশে বন্ধ আছে। আমরা সামাজিক মাধ্যমে জানতে পারছি, নিজেরাও দেখতে পাচ্ছি। এ সময়ে আপনাদের পিছপা হওয়াটা যুক্তিসংগত নয়। মানুষের পাশে দাঁড়ান, মানুষকে সেবা দিন। আমরা কিন্তু এটা লক্ষ করছি। পরবর্তীকালে যা যা ব্যবস্থা নেওয়ার সেসব ব্যবস্থা নিতে পিছপা হব না।’

তিনি জানান, ১৪-১৫টি জায়গায় করোনাভাইরাসের নমুনা পরীক্ষা শুরু হয়েছে এবং কিছুদিনের মধ্যে আরও কয়েকটি জায়গায় পরীক্ষা শুরু হবে। করোনাভাইরাসের লক্ষণ-উপসর্গ দেখা দিলে পরীক্ষা করা জরুরি জানিয়ে জাহিদ মালেক বলেন, ‘আশা করি সবাই পরীক্ষা করার জন্য আসবেন। পরীক্ষা করলে নিজে নিরাপদে থাকবেন, আপনার পরিবারকেও সুরক্ষিত রাখতে পারবেন। পরীক্ষায় কোনো দোষ নেই, সামাজিক কোনো বাধা নেই। পরীক্ষার মাধ্যমে করোনাভাইরাসকে চিহ্নিত করে আমরা আস্তে আস্তে এটাকে নির্মূল করতে পারব।’ নমুনা পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্টদের উদ্দেশে তিনি বলেন, ‘বেশি বেশি করে পরীক্ষা করেন, কিটের সংকট আপাতত নেই। আপনারা পরীক্ষা চালিয়ে যাবেন। পরীক্ষার মাধ্যমেই আমরা জানতে পারি, কতগুলো ব্যক্তি সামাজিকভাবে সংক্রমিত হয়েছেন। এটা খুব জরুরি।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের হাতে যথেষ্ট পিপিই রয়েছে। সব হাসপাতালে পৌঁছে দিচ্ছি। যখনই প্রয়োজন পেয়ে যাচ্ছি। এছাড়া উপজেলাগুলোতে ডেডিকেটেড অ্যাম্বুলেন্স রয়েছে, যেগুলো শুধু করোনাভাইরাসের রোগী আনা-নেওয়া করবে।

বিভিন্ন মিডিয়াতে করোনাভাইরাস নিয়ে ‘ভুয়া নিউজ’ প্রচারিত হচ্ছে অভিযোগ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এগুলো জনমনে বিভ্রান্তির পাশাপাশি কাজকেও ব্যাহত করছে। যারা এ কাজটি করছেন ঠিক করছেন না। এটা আমরা মেনে নিতে পারি না। সরকার এ বিষয়ে অবশ্যই যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।’ গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আশা করি আপনারা প্রধানমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনাগুলো মেনে চলবেন। আপনারা পজিটিভ নিউজ করবেন। যে নিউজের মাধ্যমে করোনাভাইরাসকে প্রতিরোধ করা যাবে, এ ধরনের নিউজ ও পরামর্শ আপনারা দেবেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত