পটুয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যা

আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ০১:২৬ এএম

পটুয়াখালীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। পুলিশের ভাষ্য, গতকাল শুক্রবার সকালে সদর উপজেলার পশ্চিম বিঘাই এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাসান প্যাদা (২৮) একই এলাকার কবির প্যাদার ছেলে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন। 

নিহত হাসানের চাচা রাসেল প্যাদা দেশ রূপান্তরকে জানায়, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রতিবেশী গাজী বংশের লোকজনের সঙ্গে বিরোধ চলে আসছিল তার ভাই কবিরের। মীমাংসার জন্য শুক্রবার স্থানীয় এক আমিন দ্বারা বিরোধপূর্ণ জমি মাপানো হয়। কিন্তু প্রতিপক্ষের লোকজন সেই মাপ না মেনে তার ভাইয়ের বাড়িতে প্রবেশের রাস্তা জোরপূর্বক কাটতে শুরু করে। এতে বাধা দিতে গেলে ধারালো অস্ত্র দিয়ে ভাতিজা হাসানকে এলোপাতাড়ি আঘাত করতে থাকে তারা। এ ঘটনায় গুরুতর আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান দেশ রূপান্তরকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে সবাইকে বাড়ি পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত