দুর্দিনে যেসব ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রেখেছে তারা আর কোনোদিন খুলতে পারবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেছেন, ‘করোনা আগ্রাসনের এ দুর্দিনে যেসব নামিদামি ক্লিনিক, ডায়াগস্টিক সেন্টার বন্ধ রেখে জনগণকে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করছে তারা আর যাতে কোনোদিনই খুলতে না পারে তার ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসক ও সিভিল সার্জনকে।’
গতকাল শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মিলনায়তনে করোনা পরিস্থিতিবিষয়ক একটি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হানিফ বর্তমান পরিস্থিতিকে চরম সংকটময় উল্লেখ করে জনগণের স্বাস্থ্যসেবায় অনীহা প্রদর্শনকারী চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্টদের কঠোর ভাষায় ভর্ৎসনা করেন। যেসব ইন্টার্ন ও চিকিৎসক ভয়ে অনুপস্থিত থাকছেন তাদের তালিকা তৈরি করারও নির্দেশ দেন তিনি। একই সঙ্গে ডাক্তারদের ওপর অর্পিত দায়িত্ব-কর্তব্যের পাশাপাশি সাধারণ মানুষের করণীয় বিষয়ে বলেন, ‘ঘরে থাকুন, ঘরে থাকুন, ঘরে থাকুন।’
এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আসলাম হোসেন, পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত, সিভিল সার্জন এসএম আনোয়ারুল ইসলাম, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোসা. নাহার বেগম, কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ছাড়াও চিকিৎসক ও স্বাস্থ্যসেবা কর্মী এবং আওয়ামী লীগ কুষ্টিয়া জেলার নেতারা।
