করোনাভাইরাসের কারণে থমকে গেছে জীবনযাত্রা। এই সময়ে অসহায় দিনমজুররাই পড়েছে সবচেয়ে বেশি দুর্ভোগে। কদিন আগেই নিজ এলাকা ময়মনসিংহে এমন কিছু অসহায়দের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন জাতীয় দলের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। এবার তিনি পাশে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের মানুষদের। যাদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মোসাদ্দেক যার একটি ছবি পোস্ট করেছেন শনিবার। দীর্ঘ ক্যাপশনে রেখেছেন অনুরোধও। মোসাদ্দেক লিখেছেন-
‘‘আমাদের সমাজের যদি সবচেয়ে অবহেলিত কেউ থেকে থাকে তারা হলেন ‘তৃতীয় লিঙ্গ’ বা ‘ট্রান্সজেন্ডার’। আমি পারসোনালি উনাদের আপনি করে বলি। কখনো হিজড়া বলে ডাকি না। কেমন জানি মনে হয় দূরে ঠেলে দিচ্ছি তাই আরকি...
প্রথমত আমরা তাদের অনেকেই মানুষ হিসেবে গোনায় ধরি না, যদি ধরিও তবে ও তারা আমাদের থেকে নিচু প্রজাতিরই ভেবে থাকি। যা কিনা খুবই লজ্জাজনক।
অনেকেই দেখছি গরিব দুঃখী, অসহায় মানুষকে ত্রাণ দিচ্ছে। প্যাকেট ভরে ভরে। যা আমি খুবই সম্মানের সাথেই দেখছি। তবে আমি অনেকটাই নিশ্চিত যে আমার পোস্ট দেখার পর অনেকের মনে হবে ওরে ওরাও তো আমাদের মাঝে ছিল। উনাদের নিয়ে তো ভাবা হলো না। কিছু করা হলো না। ওদের অবস্থান আমাদের সমাজে কোথায় এ থেকেই বোঝা যাচ্ছে।
আমরা যেন ভুলে না যাই তারাও আমাদের মতোই মানুষ। এই পরিচিতি কবে আমরা মন থেকে বিশ্বাস করব আমি জানি না।
এইভাবে আমরা চেষ্টা করব এগিয়ে আসতে। জাতি, ধর্ম, বর্ণ এর ভেদাভেদ আর কত?
মেন্টালিটি একটু পরিবর্তনের সময় চলেই এসেছে।’’
