ইংল্যান্ডের ক্রিকেটারদের বেতন কাটা হবে সে খবর আগেই পাওয়া গিয়েছিল। তাতে খেলোয়াড়রা রাজি নয় এমন খবরও এসেছিল। জানা গেল ইংল্যান্ডের পুরুষ দলের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটাররা তাদের বেতন থেকে বোর্ডের তহবিলে প্রাথমিকভাবে ৫ লাখ পাউন্ড অনুদান দেবেন। নারী ক্রিকেটাররাও স্বেচ্ছায় তিন মাসের বেতন কম নিতে রাজি বলে জানিয়েছে প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (পিসিএ)।
এই অনুদানের একটি অংশ যাবে বোর্ডে। আরেকটি অংশ দেওয়া হবে কয়েকটি দাতব্য প্রতিষ্ঠানকে। সেই প্রতিষ্ঠানগুলো ঠিক করবেন ক্রিকেটাররাই। সরাসরি বেতন কাটায় না গিয়ে এভাবেই করোনার এমন কঠিন পরিস্থিতিতে বোর্ডের পাশে দাঁড়িয়েছেন রুট-মরগ্যানরা। এক বিবৃতিতে পিসিএ জানিয়েছে, শুক্রবার এক বৈঠকে ৫ লাখ পাউন্ড দেওয়ার সিদ্ধান্ত হয়। এই অর্থ কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের তিন মাসের বেতনের ২০ শতাংশ। খেলোয়াড়রা বলেছে এটি তাদের প্রাথমিক অনুদান। ভবিষ্যতে দরকার পড়লে আরও সহযোগিতা করতে প্রস্তুত তারা।
তবে নারী ক্রিকেটাররা সরাসরি রাজি হয়েছেন তাদের বেতন কাটার প্রস্তাবে। এপ্রিল, মে ও জুনে বেতন কম নেবেন তারা। ইংল্যান্ড নারী দলের অধিনায়ক হিদার নাইট নিবন্ধন করেছেন ন্যাশনাল হেলথ সার্ভিসের স্বেচ্ছাসেবী হিসেবে। তিনি বলেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে সঠিকভাবেই আমরা সাড়া দিয়েছি। আমরা জানি বর্তমান পরিস্থিতি কীভাবে খেলাটির ওপর প্রভাব ফেলছে, তাই আমরা যতটা পারি সাহায্য করতে চাই।’
