হোম স্টুডিওতে সুর-সংগীতের কাজ করছি

আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ০১:৪৮ এএম

জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। করোনার প্রাদুর্ভাবের পর থেকে অন্য তারকাদের মতো তিনিও ঘরে সময় কাটাচ্ছেন। এই পরিস্থিতিসহ সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেছেন তিনি

কেমন আছেন?

সবাই যেমন উত্তেজনা-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে, আমিও তাই। এই পরিস্থিতি যে কবে স্বাভাবিক হবে সেটা নিয়েও চিন্তায় আছি। এটা একটা অনিশ্চিত পরিস্থিতি। তারপরও সবাই যেন সচেতন থাকে সেটাই চাওয়া। আর এই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আসলে কাজে ফিরছি না।

বাসা থেকে কি বেরই হচ্ছেন না?

একদমই না। আমার পরিবারের লোকজনরাও তাই। কারণ নিরাপদ ও সুস্থ থাকার জন্য এখন বাসায় থাকার বিকল্প নেই। তা না হলে বড় বিপদ বয়ে আসতে পারে। 

সচেতনতামূলক পোস্টও দিচ্ছেন?

শিল্পী হিসেবে আমার কিছু দায়বদ্ধতা আছে। তাছাড়া মানুষ হিসেবেও এ সময় সবাইকে সচেতন করা দরকার। সেই কাজটি করার চেষ্টা করছি। ফেইসবুক পোস্ট ও লাইভের মাধ্যমে আমি এরইমধ্যে ঘরে থাকার আহ্বান জানিয়েছি। এ সময়ে যেসব নিয়ম পালনের জন্য বলা হচ্ছে আমার ভক্ত-শ্রোতা-দর্শকদের সেসব ঠিকভাবে পালন করার জন্য বলব। যে কোনো ধরনের অনুষ্ঠান, জনসভা, জনসমাগম আছে এমন জায়গা এড়িয়ে চলতে হবে। আর বাসায় থেকেও বারবার সাবান, পানি বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতে হবে। যেসব বস্তুতে অনেক মানুষের স্পর্শ লাগে যেমন সিঁড়ির রেলিং, লিফট, দরজা, পানির কল, কম্পিউটারের মাউস বা ফোন, গাড়ির বা রিকশার হাতল ইত্যাদি ধরলে সঙ্গে সঙ্গে হাত পরিষ্কার করতে হবে। সবাই সচেতনতা অবলম্বন করলে এই অবস্থা থেকে আমরা বের হতে পারব।

নতুন গানের কোনো খবর আছে?

বেশ কিছু গানের কাজ করে রেখেছি। পরিস্থিতি স্বাভাবিক হলে সেগুলো প্রকাশ করব। তাছাড়া আমার হোম স্টুডিওতে সুর ও সংগীতের কাজ করছি নিয়মিত। তবে আপাতত রেকর্ডিং করছি না। আমি নিজে এক্সপেরিমেন্ট করছি। বাসায় থেকে কাজগুলো এগিয়ে রাখছি। এই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত গান প্রকাশের ইচ্ছে নেই। কারণ এখন শ্রোতাদের গান শোনার মতো মানসিকতা নেই। সবাই একটা আতঙ্কের মধ্যে আছে। আমি নিজেও তাই। সুতরাং আমাদের নিজেদের সহযোগিতায় আমরা এই পরিস্থিতি স্বাভাবিক করতে পারি। সচেতনতা ছাড়া আর কোনো উপায় নেই। তাই আবারও বলবো সবাইকে সচেতন হতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত