স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা মোকাবিলা করতে হলে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। দেশে আজও ৯ জন আক্রান্ত হয়েছে এবং ২ জন মারা গেছে। মানুষ এখন বিপদে আছে, এই বিপদে প্রাইভেট চিকিৎসা প্রতিষ্ঠানগুলো যদি চিকিৎসা না করে হাত গুটিয়ে বসে থাকে, তবে সরকারও তাদের বিরুদ্ধে লাইসেন্স বাতিলসহ কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে। গতকাল শনিবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ডেডিকেটেড করোনা বেড পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, গোটা বিশ্বে করোনাভাইরাস কঠিন মূর্তি ধারণ করেছে। কাজেই সামনে আমাদের সতর্ক না হয়ে আর উপায় নেই। এখন থেকে সামনের কিছুদিন ঘর থেকে খুব জরুরি না হলে বাইরে বের হওয়াই উচিত হবে না। আর বাইরে কোনো প্রয়োজনে বের হলেই মুখে মাস্ক পরে বের হতে হবে।’
জনসমাগম এড়িয়ে চলা প্রসঙ্গে তিনি আরও বলেন, বারবার অনুরোধ করার পরও দেখা যাচ্ছে মানুষ জনসমাগম পরিহার করতে চাচ্ছে না। জুমার নামাজে মসজিদ ভর্তি হয়েও রাস্তা পর্যন্ত লোক দাঁড়িয়ে যাচ্ছে। এই মুহূর্তে এটি খুবই অনাকাক্সিক্ষত ব্যাপার। সৌদি আরব, কুয়েত, ইরানের মতো মুসলিম দেশ যেখানে এই সময়ে মসজিদে গিয়ে নামাজে নিষেধাজ্ঞা জারি করেছে অথচ আমাদের দেশে এটি কোনোভাবেই মানছে না। এভাবে নিয়ম অগ্রাহ্য করলে করোনাভাইরাস প্রতিরোধ কঠিন হবে।
এ সময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক, বাংলাদেশ মেডিসিন সোসাইটির সাধারণ সম্পাদক প্রফেসর আহমেদুল কবীরসহ অন্য কর্মকর্তারা স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন।
