বিশ্বজুড়ে মহামারী রূপে দেখা দেওয়া করোনাভাইরাসের সংক্রমণ রোধে জনগণকে সচেতন করতে মন্ত্রীকে নিয়ে মহাসড়কে গান গাইলেন গাজীপুরের পুলিশ সুপার শামছুন্নাহার। গতকাল শনিবার বিকালে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় মহাসড়কে সংগীত পরিবেশন করেন পুলিশ সুপারসহ অন্য পুলিশ সদস্যরা। তাদের সঙ্গে অতিথি হিসেবে অংশ নিয়ে গানে তাল মেলান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আ ক ম মেজাম্মেল হক।
‘করোনাভাইরাস মোকাবিলায় করণীয় কী? তা জানেন নি? শুনেন তবে আমরা কইতাছি। গাজীপুরবাসী আমরা পুলিশ আমরা কইতাছি। বিদেশ গনে আইনে পুলা ছুঁইবনা বাপ মা। গাজীপুরবাসী আমরা পুলিশ আমরা কইতাছি। দেশে যারা আছেন তাদের হলে সর্দি-কাশি, কাপড়ে কি বাহুতে মুখ ঢেকে দিবেন হাঁচি।’ গানের এমন কথাগুলো সাজিয়ে সেই গান রেকর্ডিং করে গতকাল চন্দ্রা ত্রিমোড় এলাকায় পরিবেশন করা হয়। পরে বিকালে কালিয়াকৈরের চন্দ্রায় জেলা পুলিশের আয়োজনে করোনা সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। তিনি নিজেকে এবং সমাজের প্রত্যককে বাঁচাতে সরকারের দেওয়া নির্দেশনা সবাইকে মেনে চলার আহ্বান জানান।
এসময় মন্ত্রী আরও বলেন, ‘করোনাভাইরাসের আক্রমণে বিশ্বের বড় বড় দেশ, ধনী রাষ্ট্র কুপোকাত হয়েছে। আমেরিকা, ইংল্যান্ড, চীন, অস্ট্রেলিয়া এবং ইতালিতে আক্রান্তের তুলনায় আল্লাহর মেহেরবানীতে বাংলাদেশ অনেকটা ভালো রয়েছে। এই ভালোটা ধরে রাখতে হলে সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া নির্দেশনা অবশ্যই সবাইকে পালন করতে হবে।’
এর আগে পুলিশ সুপার শামছুন্নাহার জেলা পুলিশের সদস্যদের নিয়ে জারি গান গেয়ে স্থানীয়দের করোনাভাইরাস সম্পর্কে সচেতন করেন। তার সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখসহ জেলা পুলিশের অন্য কর্মকর্তারা। পরে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেন পুলিশ সুপার।
জানতে চাইলে পুলিশ সুপার শামছুন্নাহার দেশ রূপান্তরকে বলেন, ‘এলাকাবাসীকে সচেতন করতে এই আয়োজন করা হয়েছে। এটি চন্দ্রা থেকে শুরু করে গ্রামে গ্রামে ঘুরে এই জারি গান প্রচার করা হবে। যাতে জনগণ সচেতন হয়।’
