খুলনায় করোনা টেস্ট শুরু হবে ১১ এপ্রিল থেকে

আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ০৩:২১ এএম

খুলনা মেডিকেল কলেজে (খুমেক) করোনাভাইরাসজনিত রোগ কভিড-১৯ টেস্ট আগামী ১১ এপ্রিল থেকে শুরু হবে। গতকাল শনিবার করোনাভাইরাস পরীক্ষার টেস্ট কিটস খুমেকে এসে পৌঁছেছে। গত ৩০ মার্চ কভিড-১৯ শনাক্তকরণ মেশিন (পিসিআর) খুমেকে এসে পৌঁছায়।

খুলনা মেডিকেল কলেজের (খুমেক) মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ও করোনাভাইরাস পরীক্ষার ফোকাল পারসন ডা. শাহনাজ পারভীন জানান, আগামী ১১ এপ্রিল (শনিবার) থেকে নমুনা নিয়ে পিসিআর মেশিন থেকে করোনাভাইরাসের পরীক্ষা শুরু করা যাবে বলে আশা করছি। এই সপ্তাহে মেশিনটি ব্যবহারের বিষয়ে আমরা প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করব।

খুমেক কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া পিসিআর মেশিনটি খুলনা মেডিকেল কলেজের তৃতীয় তলার মাইক্রোবায়োলজি বিভাগে স্থাপন করা হয়েছে। এজন্য একজন মেডিকেল টেকনোলজিস্টকে নিযুক্ত করা হয়েছে। ইতিমধ্যে  রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে আসা মেডিকেল টেকনোলজিস্ট মো. সেলিমুজ্জামান সংশ্লিষ্ট প্রকৌশলীর সঙ্গে মেশিন স্থাপনের কাজে অংশ নিয়েছেন।

খুলনা মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর মেশিন দিয়ে সম্পূর্ণ ফ্রি পরীক্ষা করা যাবে। পিসিআরের মাধ্যমে করোনায় আক্রান্ত বলে সন্দেহভাজন রোগীর রক্ত, ঘাম ও কফ পরীক্ষা করা হবে। যে কেউ চাইলেই নিজে এসে পরীক্ষা করিয়ে নিতে পারবেন না। এ জন্য লক্ষণ নিয়ে হাসপাতালের ফ্লু কর্নারে ভর্তির পর বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পিসিআর মেশিনের মাধ্যমে শনাক্ত হলেই কেবল ওই রোগীকে ভর্তি করা হবে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য প্রস্তুতকৃত ডায়াবেটিক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত