গুজব ছড়িয়ে জনসমাগম, ২ জনকে কারাদন্ড

আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ০৩:২৫ এএম

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দরিদ্রদের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ ও আর্থিক সহযোগিতা করা হবে বলে গুজব ছড়িয়ে জনসমাগম করার দায়ে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার দুপুরে উপজেলার বলমন্তচর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম সালাউদ্দিন মনজু তাদের এ শাস্তি দেন। কারাদন্ড প্রাপ্তরা হলেন উপজেলার বলমন্তচর গ্রামের আনোয়ার উদ্দিনের ছেলে মো. সাহাজাদা (৫৮) ও বড় বলমন্তচর গ্রামের সাইদুল আলমের ছেলে রকিবুল ইসলাম তুষার (৪৫)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) সালাউদ্দিন মনজু জানান, ওই দুই ব্যক্তি এলাকায় সেনাবাহিনীর পক্ষ থেকে দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ ও প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করার গুজব ছড়িয়ে কয়েক শ মানুষের সমাগম করেছিল। খবর পেয়ে তাদের আটক করে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত