প্রতিভাবান ফুটবলারের খনি বলা হয় ব্রাজিলকে। দক্ষিণ আমেরিকার দেশটি প্রজন্মের পর প্রজন্ম উপহার দিয়েছে কিংবদন্তি সব ফুটবলার। পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম মনে করেন, প্রতিভাবান ক্রিকেটারের দিক থেকে পাকিস্তান হচ্ছে ‘ক্রিকেটের ব্রাজিল’।
ওয়াসিম আকরামের এই কথায় পুরো একমত অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ডিন জোন্স। তার মতে পাকিস্তান প্রতিভাবান ক্রিকেটারের ‘ফ্যাক্টরি’।
ওয়াসিম আকরাম নিজের ইউটিউব চ্যানেলে আলাপচারিতায় যুক্ত হয়েছিলেন ডিন জোন্সের সঙ্গে। সেখানেই অস্ট্রেলিয়ার হয়ে ৫২ টেস্টে ও ১৬৪ ওয়ানডে খেলা জোন্স বলেন, ‘তোমাদের পাকিস্তান প্রতিভাবান ক্রিকেটারের কারখানা। অস্ট্রেলিয়ায় আমরা বলে থাকি পাকিস্তানে প্রচুর প্রতিভা। এখন ব্যাপার হলো তুমি তাদের কীভাবে কাজে লাগাবে।’
ওয়াসিম এ কথার উত্তরেই বলেন, ‘কাঁচা প্রতিভা, যেন ক্রিকেটের ব্রাজিল।’
জোন্স বলেন পাকিস্তান বছরের পর বছর ক্রিকেটে প্রতিভা উপহার দিয়ে গেছে। বিশেষ করে বোলিংয়ে, ‘আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানিদের টেকনিক আলাদা। পেস বোলারদের মনোভাবই আলাদা। যেমন তুমি (ওয়াসিম আকরাম), ওয়াকার (ওয়াকার ইউনিস), শোয়েব (শোয়েব আখতার) এবং অবশ্যই আব্দুল (আব্দুল কাদির), মুশি (মুশতাক আহমেদ)। এ রকম সব বোলার এখনো উঠে আসছে।’
জোন্সের দৃষ্টিতে ক্রিকেটে পাকিস্তানের দাপট সব সময়ই ছিল। তবে ১৯৮০’র পর ইমরান খান দায়িত্ব নেওয়ার পর থেকেই সেটা আরো বদলে যায়। আর পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপ জয়টা ছিল বড় অনুঘটক।
