‘ক্রিকেটের ব্রাজিল হচ্ছে পাকিস্তান’

আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ১১:০৬ পিএম

ব্রাজিলিয়ানদের নাকি ফুটবল শেখাতে হয় না, তাদের পায়ে-পায়ে থাকে ফুটবল।  তেমনি ভাবে ফুটবলের সব ড্রিবলিং, কৌশল, সাম্বা ছন্দ- এসব নাকি ফুটবলে আগ্রহী থাকা ছেলেটি সহজাত ভাবে পেয়ে যায়। আর তাই ব্রাজিলে এত কাঁচা প্রতিভা।  যদিও গত এক দশকে এই কথার সত্যতা আলোচনা সাপেক্ষ ব্যাপার। ঠিক এই রকম অবস্থা পাকিস্তানের, বলছেন কিংবদন্তি ওয়াসিম আকরাম। একই মত অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডিন জোন্সের। পাকিস্তানের প্রতি ছেলে-ছোঁকড়ার হাতে-পায়ে ক্রিকেট। পাড়া-মহল্লায় খেলতে খেলতে একসময় জাতীয় দলে এসে পড়ে তারা।  আর সবুজ জার্সিতে সহজাত প্রতিভা দেখিয়ে বিশ্ব মাত করে পাকিস্তানি তরুণরা। 

বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে কথা বলছিলেন আকরাম আর জোন্স। শুরুটা করেন অস্ট্রেলিয়ার সাবেক মিডল অর্ডার ব্যাটসম্যান জোন্স। আকরামকে বলেন, ‘তোমরা (পাকিস্তানি) হচ্ছো প্রতিভার কারখানা। আমরা অস্ট্রেলিয়ায় সব সময়ই বলে এসেছি যে পাকিস্তানে অনেক ক্রিকেট প্রতিভা আছে। বিষয়টা হচ্ছে তোমরা কীভাবে সেটা ব্যবহার করছ বা পরিচর্যা করছ।’ জবাবে ওয়াসিম আকরাম জানান, ‘হুম, কাঁচা প্রতিভা, এটা (পাকিস্তান) হচ্ছে ক্রিকেটের ব্রাজিল।’

ডিন জোন্স বিশেষ করে পাকিস্তানি বোলারদের প্রশংসা করেছেন। ক্রিকেটে পাকিস্তান পেস ও স্পিনাররা উল্লেখযোগ্য ভ্যারিয়েশন, সমন্বয় এনেছে বলে জানান তিনি।  সাবেক পাকিস্তান গ্রেটদের কথা উল্লেখ করে ডিন জোনস বলেন, ‘পাকিস্তান আন্তর্জাতিক ক্রিকেটে বিভিন্ন টেকনিক নিয়ে এসেছে। বিভিন্ন মাপের, ধরনের বোলার নিয়ে এসেছে, যেমন, তুমি (ওয়াসিম আকরাম), শোয়েব আকতার, আবদুল কাদির, মোস্তাক আহমেদ এবং অবশ্যই এই ধারাটা এখনো বজায় আছে। ক্রিকেট তোমাদের রক্তে মিশে আছে তবে ১৯৮০’র শেষ থেকে পাকিস্তান ক্রিকেট নতুন মোড়ে ওঠে, তার চূড়ান্ত পর্যায় আসে ইমরান খানের নেতৃত্বে ১৯৯২ বিশ্বকাপে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত