পাকিস্তানের তরুণ লেগ স্পিনার শাদাব খান বলেছেন, ভারতের রোহিত শর্মা ও অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথকে বল করা তার কাছে সবচেয়ে কঠিন মনে হয়।
২১ বছর বয়সী লেগ ব্রেক বোলার শাদাব এরই মধ্যে পাকিস্তানের হয়ে ৫টি টেস্ট, ৪৩টি ওয়ানডে ও ৪০টি টি-টোয়েন্টি খেলে ফেলেছেন। মাত্র তিন বছরের মধ্যে দলে আলাদা জায়গা প্রতিষ্ঠা করেছেন নিজের।
গত বছর অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন শাদাব। সেখানে নিজের নামের প্রতি একেবারেই সুবিচার করতে পারেননি তিনি। শাদাব বলছেন, ‘অস্ট্রেলিয়ায় আমি স্মিথকে বল করেছি। ওখানে তো বল আবার ঘোরেই না। ফলে স্মিথের বিরুদ্ধে আমি সাফল্য পাইনি।’
আর ইংল্যান্ড বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে খেলেছেন শাবাদ। সেই ম্যাচে রোহিত শর্মা একাই ম্যাচ ঘুরিয়ে দেন। রোহিত ১১৩ বলে ১৪০ রানের ইনিংস খেলেছিলেন।
বিশ্বকাপের সেই ম্যাচে ৯ ওভার হাত ঘুরিয়ে ৬১ রান দেন শাদাব। সেই অভিজ্ঞতা থেকে এই লেগি বলছেন, ‘রোহিতকে বল করা খুবই কঠিন। খুব সামান্য ভুল হলেই ছক্কা হাঁকিয়ে দেবে রোহিত।’
