করোনাভাইরাসের কারণে সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন তা সময়োপযোগী বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় উপনেতা জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
গতকাল রবিবার এক বিবৃতিতে তিনি বলেন, করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ার কারণে বিশ্বব্যাপী মহামন্দার আশঙ্কা দেখা দিয়েছে। তার প্রভাব কিছুটা হলেও বাংলাদেশের ওপর পড়তে শুরু করেছে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী ৭২ হাজার ৭৫০ কোটি টাকার যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। আমরা প্রণোদনা প্যাকেজকে অত্যন্ত সময়োপযোগী মনে করছি। জি এম কাদের বলেন, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন সেক্টরে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। স্বল্প সুদের এই ঋণ অত্যন্ত কার্যকর হিসেবে বিবেচিত হবে। এ ছাড়া বেসরকারি ব্যাংকগুলোও এই ঋণ কার্যক্রমে অংশ নিতে পারবে। আমরা এ উদ্যোগকে সাধুবাদ জানাই। তিনি বলেন, আমাদের দেশে কল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়নে জটিলতা দেখা দেয়। তাই দ্রুত সময়ে অর্থনৈতিক প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানাই।
বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ব্যাংক ঋণ দেওয়ার সময় নানা ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে। যেমন সুশাসন না থাকার কারণে যার ঋণ পাওয়ার কথা সে পাচ্ছে না। অথবা যে সময়ে পাওয়ার প্রয়োজন সে সময়ে পাচ্ছে না। তাই ব্যাংকগুলোতে সুশাসন নিশ্চিত করতে হবে। তিনি বলেন, আমরা বিশ্বাস করি এবার এ বিষয়গুলোতে দৃষ্টি দেওয়া হবে। সঠিকভাবে সঠিক সময়ে ঋণ বিতরণ করা হবে। প্রণোদনা প্যাকেজ যাতে কার্যকরভাবে বাস্তবায়িত হয় সেজন্য সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করার আহ্বানও বিবৃতিতে জানান তিনি।
