বেসরকারি শিক্ষকদের বেতনের অংশ

প্রধানমন্ত্রীর তহবিলে দিতে আলোচনা

আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ০৩:৪৮ এএম

বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতনের চেক ছাড় করা হয়েছে। আগামী ১২ এপ্রিলের মধ্যে শিক্ষকরা বেতন-ভাতা ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন। গতকাল রবিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সংবাদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে বেতনের সঙ্গে শিক্ষকদের বৈশাখী ভাতার অংশটি ছাড় করা হয়নি বলে জানা গেছে। ওই ভাতার একটি অংশ করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর তহবিলে দেওয়ার জন্য মন্ত্রণালয় ও শিক্ষক সংগঠনের নেতাদের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপপরিচালক (সাধারণ প্রশাসন) মো. রুহুল মমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতন-ভাতার চেক ছাড় দেওয়া হয়েছে। আটটি চেকের মাধ্যমে অনুদান বণ্টনকারী ব্যাংকে এসব চেক পাঠানো হয়েছে। আগামী ১২ এপ্রিলের মধ্যে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সংশ্লিষ্ট ব্যাংক থেকে উত্তোলন করতে বলা হলো।’ প্রতিষ্ঠানপ্রধানরা http://emis.gov.bd--এ ওয়েবসাইট থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিও শিট ডাউনলোড করে নিতে পারবেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এর আগে গত ২৫ মার্চ মাদ্রাসা ও কারিগরি শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের এমপিওর চেক ছাড় হয়। অনুদান বণ্টনকারী রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংকে চেক পাঠানো হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার একটি অংশ অথবা একদিনের বেতনের সমপরিমাণ অর্থ করোনা মোকাবিলার জন্য প্রধানমন্ত্রীর তহবিলে দেওয়া হতে পারে। এ নিয়ে শিক্ষক নেতাদের সঙ্গে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক নেতা দেশ রূপান্তরকে বলেন, ‘দেশের এই ক্রান্তিকালে আমরা দেশের মানুষের সঙ্গে রয়েছি। আমাদের বেতন বা ভাতার একটি অংশ যদি করোনা মোকাবিলার জন্য দেওয়ার প্রস্তাব দেওয়া হয় আমরা তাতে অনীহা দেখাব না। আমরা রাজি আছি।’

ইতিমধ্যে করোনা মোকাবিলায় সরকারি প্রাথমিক শিক্ষক-কর্মকর্তাদের বৈশাখী ভাতার ২০ শতাংশ প্রধানমন্ত্রীর তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই); যার পরিমাণ ২৪ কোটি টাকার মতো। এই টাকার পুরোটাই খুব শিগগির প্রধানমন্ত্রীর তহবিলে দেওয়া হবে বলে জানিয়েছেন ডিপিই মহাপরিচালক মো. ফসিউল্লাহ। 

করোনা মোকাবিলায় প্রাথমিকের মতো বেসরকারি স্কুল-কলেজ শিক্ষকদের বেতনের অংশও প্রধানমন্ত্রীর তহবিলে দেওয়া হবে কি না, জানতে চাইলে মাউশি মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক গতকাল দেশ রূপান্তরকে বলেন, ‘এ বিষয়ে আলোচনা চলছে। আলোচনা করে মন্ত্রণালয় সিদ্ধান্ত জানাবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত