নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব-সংক্রান্ত তথ্য জানাতে সরকার নতুন ওয়েবসাইট চালু করেছে। কভিড-১৯ রোগ নিয়ে প্রয়োজনীয় পরামর্শ ও তথ্য দ্রুত পেতে এ ওয়েবসাইট ভূমিকা রাখবে বলে গতকাল রবিবার সরকারি এক তথ্যবিবরণীতে জানানো হয়েছে। ওয়েবসাইটের ঠিকানা www.corona.gov.bd।
এ ছাড়া জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট হলে যেকোনো ব্যক্তি আগের মতোই স্বাস্থ্য অধিদপ্তরের ৩৩৩ বা ১৬২৬৩ নম্বরে ফোন করে সেবা নিতে পারবেন।
গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্বে মহামারীরূপে ছড়ানো কভিড-১৯ রোগে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ১ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ জনে। সুস্থ হয়েছেন আরও ৩ জন। ফলে মোট সুস্থ হয়েছেন ৩৩ জন। আর মোট মৃত্যু হয়েছে ৯ জনের।
