টিভিতে কাল থেকে প্রাথমিকের ক্লাস শুরু

আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ০৪:১২ এএম

মাধ্যমিক স্তরের মতো সংসদ টিভিতে প্রাথমিক স্তরের ক্লাসও সম্প্রচার করা হবে। আগামীকাল মঙ্গলবার থেকে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ক্লাস শুরু হবে। প্রতিদিন দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ক্লাস কার্যক্রম সম্প্রচার করা হবে। গতকাল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে একটি বিজ্ঞপ্তিতে রুটিন প্রকাশ করা হয়েছে। প্রথম ধাপের এই রুটিন ৭ থেকে ৯ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে। পরবর্তী সময়ে নতুন রুটিন প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ডিপিই-এর মহাপরিচালক মো. ফসিউল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট রুটিন অনুযায়ী আগামী ৭ এপ্রিল থেকে এ কার্যক্রমের সম্প্রচার শুরু হবে। পাঠদান কার্যক্রম বিকাল ২ ঘটিকায় শুরু হয়ে শেষ হবে বিকেল ৪ ঘটিকায়। প্রতিটি বিষয়ে পাঠদান ২০ মিনিট পর্যন্ত চলবে। টেলিভিশনে পাঠদানকারী শিক্ষক শ্রেণিপাঠ শেষে পাঠদানকৃত বিষয়ের ওপর বাড়ির কাজ দেবেন। শিক্ষার্থীরা প্রত্যেক বিষয়ের জন্য আলাদা খাতায় তারিখ অনুযায়ী বাড়ির কাজ সম্পন্ন করবে এবং বিদ্যালয় খোলার পর সংশ্লিষ্ট শিক্ষকের কাছে জমা দেবে।’

এ বিষয়ে মো. ফসিউল্লাহ বলেন, ‘আমরা চাই শিশুদের ক্লাস সকাল ৯টায় শুরু করতে। তবে যেহেতু মাউশি মাধ্যমিকের ক্লাস প্রচারের রুটিন অলরেডি ঘোষণা করে ফেলেছে, তাই প্রথম সপ্তাহে শিশুদের ক্লাস দুপুর ২টায় প্রচার করা হবে। প্রথম সপ্তাহে দুপুর ২টায় শুরু হলেও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের সঙ্গে আলোচনা চলছে। প্রাথমিকের বাচ্চাদের বয়স যেহেতু কম, তাই তাদের ক্লাস ৯টায় শুরু করার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রাথমিকের ক্লাস শেষের পর মাধ্যমিকের ক্লাস শুরু হবে।’

রুটিনে বলা হয়েছে, ৭, ৮ এবং ৯ এপ্রিল এই তিন দিনের প্রতিদিন বেলা ২টায় প্রাক-প্রাথমিকের ‘ক্রিয়াকলাপ ভিত্তিক আনন্দদায়ক শিখন’ পাঠদান কার্যক্রমের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হবে। প্রতিটি শ্রেণির প্রতি বিষয়ের ক্লাসের সময়সীমা থাকবে ২০ মিনিট। টিভিতে পাঠদান কার্যক্রম চলবে বিকাল ৪টা পর্যন্ত। ৭ এপ্রিল মঙ্গলবার বেলা ২টা ২০ মিনিটে প্রথম শ্রেণির বাংলা, ২টা ৪০ মিনিটে দ্বিতীয় শ্রেণির ইংরেজি, ৩টায় তৃতীয় শ্রেণির বিজ্ঞান, ৩টা ২০ মিনিটে চতুর্থ শ্রেণির গণিত, ৩টা ৪০ মিনিটে পঞ্চম শ্রেণির বিজ্ঞান বিষয়ে ক্লাস হবে। ৮ এপ্রিল বুধবার বেলা ২টা ২০ মিনিটে প্রথম শ্রেণির গণিত, ২টা ৪০ মিনিটে দ্বিতীয় শ্রেণির বাংলা, ৩টায় তৃতীয় শ্রেণির ইংরেজি, ৩টা ২০ মিনিটে চতুর্থ শ্রেণির বিজ্ঞান, ৩টা ৪০ মিনিটে পঞ্চম শ্রেণির গণিত বিষয়ে ক্লাস হবে। আর সর্বশেষ ৯ এপ্রিল বেলা ২টা ২০ মিনিটে প্রথম শ্রেণির ইংরেজি, ২টা ৪০ মিনিটে দ্বিতীয় শ্রেণির গণিত, ৩টায় তৃতীয় শ্রেণির বিজ্ঞান, ৩টা ২০ মিনিটে চতুর্থ শ্রেণির ইংরেজি, ৩টা ৪০ মিনিটে পঞ্চম শ্রেণির বিজ্ঞান বিষয়ে ক্লাস হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত