ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়েছে। ৫০ বছর বয়সী ওই পুরুষ গত শনিবার রাত থেকে আইসোলেশন ওয়ার্ডে ছিলেন। গতকাল রবিবার বেলা ১টায় তার মৃত্যু হয়। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। ঢামেক হাসপাতাল নতুন ভবনের ওয়ার্ড মাস্টার মো. আবুল হোসেন তার মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত শনিবার রাতে তাকে হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। তার ব্রেন স্ট্রোক হয়েছিল বলে স্বজনরা জানিয়েছিল। মেডিসিন বিভাগে ভর্তি থাকা অবস্থায় তার করোনার উপসর্গ দেখা দেওয়ায় চিকিৎসকরা তাকে আইসোলেশন ওয়ার্ডে রাখেন। সেখানেই তার মৃত্যু হয়। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃতদেহের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে গত শনিবার ঢামেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে থাকা ৭২ বছরের এক নারীর মৃত্যু হয়। রাজধানীর মিরপুর ডিওএইচএসে ৫ ছেলে ও ২ মেয়ে নিয়ে থাকতেন তিনি। স্বজনরা জানান, ১০ বছরেরও বেশি সময় ধরে কিডনি রোগে ভুগছিলেন ওই নারী। এ ছাড়া ডায়াবেটিস ও বার্ধক্যজনিত সমস্যাও ছিল তার। ঢামেক হাসপাতালের চিকিৎসকরা জানান, তার শ্বাসকষ্ট ছিল ও টেম্পারেচার একটু বেশি ছিল।
