বাংলাদেশ থেকে ৬টি বিশেষ ফ্লাইটে ৯ শতাধিক বিদেশি নাগরিক নিজ নিজ দেশে ফিরে গেছেন। তাদের অধিকাংশই নিয়মিত যাত্রী, যারা বিশ^ব্যাপী কভিড-১৯ মহামারীর আগে বাংলাদেশে এসেছিলেন। নিয়মিত ফ্লাইট বন্ধের কারণে তারা বাংলাদেশে আটকা পড়েছিলেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল রবিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তারা তাদের দূতাবাসের সঙ্গে নিজ নিজ দেশে প্রত্যাবর্তনের বিষয়ে যোগাযোগ করেন। এরই পরিপ্রেক্ষিতে দূতাবাসগুলো বাংলাদেশ সরকারের সহযোগিতায় ভাড়া করা বিমানের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের মধ্যে যুক্তরাষ্ট্রগামী অধিকাংশ যাত্রীই বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক ও স্থায়ী বাসিন্দা। যারা বর্তমান পরিস্থিতিতে নিজ নিজ পরিবারের সঙ্গে থাকার জন্য যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন। যুক্তরাষ্ট্রে বসবাসরত স্থায়ী বাসিন্দাদের একটি বড় অংশ সে দেশে ফিরে যাওয়ার আইনি বাধ্যবাধকতার জন্য নির্ধারিত সময়সীমার আগেই ফেরত গেছেন।
জাপানি ও রাশিয়ার নাগরিক যারা বাংলাদেশ ত্যাগ করেছেন, তাদের একটি বড় অংশ এ দেশের বিভিন্ন প্রকল্পে কাজ করতেন, এই প্রকল্পগুলো বর্তমান পরিস্থিতিতে বন্ধ রয়েছে। কোনো কাজ না থাকায় তারা পরিবারের সঙ্গে মিলিত হওয়ার জন্য বাংলাদেশ ত্যাগ করেন। পরিস্থিতি স্বাভাবিক হলে তারা বাংলাদেশে ফিরে আবার কাজে যোগ দেবেন।
