‘যদি মরে যাই, গার্মেন্টস মালিকদের লোভের কথা আল্লাহকে বলে দিব’

আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ০৪:০০ পিএম

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশের জনজীবন স্থবির হয়ে পড়েছে। ১৪ এপ্রিল পর্যন্ত সবকিছু বন্ধ ঘোষণা করেছে সরকার। সরকার গার্মেন্টস খাতে ভর্তুকি হিসেবে ৫ হাজার কোটি টাকার অনুদান ঘোষণা করেছে। এরপরও গার্মেন্টস মালিকরা তাদের কর্মীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করে যাচ্ছে। গার্মেন্টস মালিকদের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি প্রধানমন্ত্রীর কাছেও অনুরোধ জানিয়েছেন যেন তিনি এদের ব্যাপারে কঠোর হন।

ওমর সানী বলেন, ‘আমি যদি মরে যাই, গার্মেন্টস মালিকদের লোভের কথা আল্লাহকে বলে দিবো। আরও অনেক বাজে ভাবে বলতে পারতাম? বললাম না। দেখুন টাকা আছে সোনাদানা আছে বিশাল অট্টালিকা আছে, অস্ত্র ভান্ডার আছে ক্ষমতা আছে, কিন্তু কিছু অদৃশ্য শক্তির সঙ্গে পারা যায় না। ভুলের খেসারত কীভাবে দিব আমরা ঠিক জানি না, আমেরিকা, ইতালি, স্পেন, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম ওদের সামনে আমরা কিছুই না। ওরাই সামাল দিতে পারছে না, আর আমরা হাস্যকর, মাননীয় প্রধানমন্ত্রী আপনি আরও অনেক কঠোর হন।’

অনেক হাসপাতালই করোনা আক্রান্তদের চিকিৎসা সেবা দেওয়া থেকে বিরত রয়েছে। বিষয়টি তুলে ধরে ওমরসানী বলেন, ‘আরেকটি কথা অ্যাপোলো হসপিটাল, স্কয়ার হসপিটাল, ইউনাইটেড হসপিটাল, এরা যদি করোনা ভাইরাস এর চিকিৎসা না করে তাদের লাইসেন্স বাতিল করে দেন, মৃত্যু একদিন হবেই, চিকিৎসা পেয়ে যেন মরতে পারি। আবারও বলছি আমরা সবাই বাসায় থাকি নিরাপদ দূরত্ব বজায় রাখি, আর আল্লাহকে ডাকি একজন আরেকজনকে সহযোগিতা করি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত