কোয়ারেনটাইনে সিয়াম-পরী মনিসহ ১১০জন

আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ০৬:৫৫ পিএম

পরিচালক আবু রায়হান জুয়েল পরিচালিত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গত ১৪ মার্চ সিয়াম ও পরী মনি গিয়েছিলেন সুন্দরবন এলাকায়। সেখানে ২৫ জন শিশুশিল্পীসহ মোট ১১০ জন সদস্যের সঙ্গে শুটিংয়ে অংশ নেন তারা।

এদিকে করোনাপ্রাদুর্ভাবের কারণে পুরো ইউনিট আটকা পড়েছিল সুন্দরবনে। শেষ পর্যন্ত গত রবিবার শুটিং ইউনিট ঢাকায় ফিরে আসে।

এদিকে ঢাকায় ফিরেই পুরো ইউনিট কোয়ারেনটাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। চিত্রনায়িকা পরী মনি বলেন, ‘এখন সবাই ঝুঁকির মধ্যে আছে। বাসায় ফিরে সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে ঘরেই থাকব।’

‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার আরেক অভিনেতা কচি খন্দকার বলেন, ‘গতকাল সন্ধ্যায় ঢাকায় ফিরেছি। আমি সুস্থ আছি। কিন্তু পরিবার ও সবার নিরাপত্তার কথা চিন্তা করে হোম কোয়ারেন্টাইনে থাকছি। শুধু আমি নই, সিনেমার পুরো টিম ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নিয়েছি।’

প্রখ্যাত লেখক মুহাম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে নির্মিত হচ্ছে এটি। প্রথমে চলচ্চিত্রটির নাম ছিল ‘নসু ডাকাত কুপোকাত’ পরবর্তীতে নাম পরিবর্তন করে রাখা হয় ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। এর চিত্রনাট্য রচনা করেছেন জাকারিয়া সৌখিন। এ সিনেমায় অন্যান্য চরিত্রে অভিনয় করছেন—শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, মুনিরা মিঠু, কচি খন্দকার, আশিষ খন্দকারসহ ১৮ জন শিশুশিল্পী। ২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদানে নির্মিত হচ্ছে এটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত