সিরাজগঞ্জের তাড়াশে জ্বর-সর্দি নিয়ে শহিদুল ইসলাম (১৮) নামে এক পোশাকশ্রমিক গতকাল সোমবার দুপুরে মারা গেছেন। তিনি উপজেলার মাধাইনগর ইউনিয়নের সরাপপুর গ্রামের আবদুস ছাত্তারের ছেলে। পরে মৃতদেহের নমুনা সংগ্রহ ও শহিদুলের বাড়িসহ আশপাশের ৮-১০টি বাড়ি লকডাউন করা হয়েছে।
গতকাল সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে থাকা এক বৃদ্ধের মৃত্যুর পর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। এ ছাড়া গাইবান্ধা সদরে গত রবিবার শ্বাসকষ্টে মৃত এক তরুণের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি এক পল্লী চিকিৎসক ও চারটি পরিবারকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদিকে হবিগঞ্জের চুনারুঘাটের পানছড়ি আশ্রয়ণ প্রকল্পে গতকাল সকালে শ্বাসকষ্টে এক বৃদ্ধের মৃত্যুর পর ওই এলাকায় চলাফেরা সীমিত করার নির্দেশ দিয়েছে প্রশাসন।
অন্যদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসোলেশনে গত রবিবার রাতে মৃত তরুণের নমুনা সংগ্রহ করে ফৌজদারহাট বিআইটিআইডিতে পাঠানো হয়েছে। এ ছাড়া জয়পুরহাটের পাঁচবিবিতে শ্বাসকষ্টে গতকাল দুপুরে এক তরুণ মারা গেছেন। রাজবাড়ীর পাংশা উপজেলায় জ্বর-সর্দি-কাশি নিয়ে গতকাল বিকেলে এক ব্যক্তির মৃত্যুর পর ওই এলাকা লকডাউন করা হয়েছে। এ ছাড়া গাজীপুরের কাপাসিয়ায় গতকাল সকালে শ্বাসকষ্টে এক নারীর মৃত্যুর পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সিরাজগঞ্জ : মাধাইনগর ইউনিয়নের চেয়ারম্যান আবু হাসান মির্জা ও ৮ নম্বর ওয়ার্ড সদস্য ও সরাপপুর গ্রামের বাসিন্দা মো. হায়দার আলী জানান, পোশাককর্মী শহিদুল ইসলাম ঢাকা থেকে গত বুধবার হাঁচি-কাশি নিয়ে বাড়িতে আসেন। এরপর তার জ¦র, প্রচণ্ড গলাব্যথা ও পাতলা পায়খানা শুরু হয়। গুরুতর অবস্থায় গতকাল দুপুর ১২টার দিকে তাকে হাটিকুমরুল মোড়ের কেয়ার হাসপাতালে নিয়ে যান স্বজনরা। করোনা সন্দেহে সেখানকার চিকিৎসকরা তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে সেখানে নেওয়ার পথে দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়। স্বজনরা জানান, শহিদুল দীর্ঘদিন ধরে জণ্ডিসে ভুগছিলেন।
তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জামাল উদ্দিন শোভন বলেন, ওই পোশাকশ্রমিকের বাড়িতে মেডিকেল টিম পাঠিয়ে মৃতদেহের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত জাহান বলেন, ওই বাড়িসহ আশপাশের ৮-১০টি বাড়ি লকডাউন করা হয়েছে। ওই বাড়ির লোকদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম বলেন, নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর ওই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যাবে।
ফরিদপুর : ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, সোমবার সকাল ৯টার দিকে আইসোলেশনে থাকা আবু শেখ (৭০) নামে এক ব্যক্তি মারা গেছেন। তার জ¦র-নিউমোনিয়া ও কিডনির সমস্যা ছিল। নমুনা সংগ্রহ করে বিকেলে ঢাকায় পাঠানো হয়েছে। ওই ব্যক্তির লাশ আলাদাভাবে রাখা হয়েছে এবং দাফনের বিষয়ে সরকারি আদেশ অনুযায়ী নির্দেশনা দেওয়া হয়েছে।
গাইবান্ধা : সিভিল সার্জনের কার্যালয় ও স্থানীয়রা জানায়, গত ২৫ মার্চ ঢাকা থেকে সদর উপজেলার কামারজানী ইউনিয়নের গোঘাট গ্রামে আসেন আবদুর রাজ্জাক (৩২)। তিনি ঢাকায় ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে তিনি কামারজানী বাজারে এক পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা নেন। গত রবিবার বিকেলে শ্বাসকষ্ট নিয়ে তার মৃত্যু হয়।
সিভিল সার্জন ডা. এ বি এম আবু হানিফ দেশ রূপান্তরকে বলেন, ওই ব্যক্তির হাঁপানির সমস্যা ছিল। ইউপি চেয়ারম্যান আবদুস সালাম জাকির স্বাস্থ্য বিভাগকে মৃত্যুর খবর জানালে রাতে তার নমুনা সংগ্রহ করে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মোস্তফার নেতৃত্বে একটি মেডিকেল টিম। পরে সেই নমুনা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট পাওয়া যাবে। এরই মধ্যে ওই ব্যক্তিকে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে দাফন করা হয়েছে। এ ছাড়া হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তাকে চিকিৎসা প্রদানকারী ওই পল্লী চিকিৎসক এবং তার পরিবার ও প্রতিবেশী তিনটি পরিবারকে।
হবিগঞ্জ : চুনারুঘাটের ইউএনও সত্যজিত রায় দাশ বলেন, উপজেলার শানখলা ইউনিয়নের পানছড়ি আশ্রয়ণ প্রকল্পে সোমবার সকালে শাহনূর মিয়া (৭৩) নামে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়েছি। স্বজনরা জানিয়েছেন, তিনি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। এই আশ্রয়কেন্দ্রে ২৪২টি পরিবার বসবাস করে।
শানখলা ইউপির ৪ নম্বর ওয়ার্ড সদস্য তাউছ মিয়া জানান, ওই ব্যক্তি পানছড়ি আশ্রয়ণের ১ নম্বর সমিতির সদস্য ছিলেন। সেখানে ১০১টি পরিবার বসবাস করে।
জেলা প্রশাসক মো. কামরুল হাসান বলেন, পানছড়িতে মারা যাওয়া বৃদ্ধ হাঁপানি রোগে ভুগছিলেন। মৃতদেহের নমুনা সংগ্রহ করা হয়েছে। ইতিমধ্যে সংশ্লিষ্ট এলাকায় চলাফেরায় সীমিত করার জন্য ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।
আনোয়ারা (চট্টগ্রাম) : চমেক হাসপাতালের আইসোলেশনে গত রবিবার রাতে মারা যাওয়া শরীফ মোহাম্মদ (২২) আনোয়ারা উপজেলার মধ্যম শিলাইগড়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে। শ্বাসকষ্ট ও গলাব্যথা নিয়ে সন্ধ্যায় হাসপাতালে ভর্তির পর তাকে আইসোলেশনে রাখা হয়। স্থানীয় বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ বলেন, শরীফের লাশ চমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমি উপজেলা প্রশাসনকে অবহিত করেছি।
আনোয়ারার ইউএনও শেখ জোবায়ের আহমেদ বলেন, ‘রবিবার রাতেই আমরা ওই এলাকায় যাই। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ (সোমবার) সন্ধ্যায় ফৌজদারহাট বিআইটিআইডি থেকে ওই তরুণের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যাবে। এরপর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
জয়পুরহাট : সিভিল সার্জন ডা. সেলিম মিঞা বলেন, পাঁচবিবিতে মৃত ছানোয়ার হোসেন বেশ কিছুদিন ধরে হাঁপানি, অ্যাজমা ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। সোমবার দুপুরে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। ওই তরুণের করোনাসংক্রান্ত কোনো উপসর্গ ছিল না। তিনি উপজেলার বিন্নিপাড়া গ্রামের হাবিবের ছেলে।
রাজবাড়ী : পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির শাকিল জানান, রুহুল আমিন (৩৫) ঢাকা থেকে রবিবার সকালে বাড়িতে আসেন। তিনি জ্বর-সর্দি-কাশি ও গলাব্যথা নিয়ে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা নেন। সোমবার বিকেল ৩টার দিকে তিনি মারা গেলে বিষয়টি স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনকে জানানো হয়। তিনি ইউনিয়নের সেনগ্রাম এলাকার হাবিবুর রহমান হবির ছেলে।
রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম জানান, রুহুল আমীনের মৃত্যুর পর সেনগ্রাম এলাকা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পুরোপুরি লকডাউন রাখার সিদ্ধান্ত হয়েছে। আর তার সংস্পর্শে আসা পরিবারের সদস্য ও পল্লী চিকিৎসককে হোম কোয়ারেনটাইনে রাখা হয়েছে। ওই ব্যক্তির মৃতদেহের নমুনা সংগ্রহ করা হয়েছে।
গাজীপুর : কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুস সালাম সরকার জানান, উপজেলার তরগাঁও গ্রামের মাসুদ মিয়ার স্ত্রী নিলুফা ইয়াসমিন (৩৫) সোমবার সকালে শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন। ওই নারী ও তার স্বামীসহ পরিবারের সদস্যদের রক্তের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। বাড়িতে আসা-যাওয়া বন্ধে পুলিশি পাহারা বসানো হয়েছে।
দুই সন্তানের জননী নিলুফারের স্বজনরা জানান, তার তিন বছর ধরে শ্বাসকষ্টের সমস্যা ছিল। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত চিকিৎসা নিচ্ছিলেন। তিন দিন আগে শ্বাসকষ্ট বেড়ে গেলে তিনি স্থানীয় দোকান থেকে ওষুধ কিনে সেবন করছিলেন।
(প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন সিরাজগঞ্জ, ফরিদপুর, গাইবান্ধা, হবিগঞ্জ, আনোয়ারা (চট্টগ্রাম), জয়পুরহাট, রাজবাড়ী ও গাজীপুর প্রতিনিধি)
