দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অনলাইনে চালু রাখতে উৎসাহ দিলেও শিক্ষার্থী ভর্তি ও অনলাইনে পরীক্ষা না নিতে সব বিশ^বিদ্যালয়কে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। গতকাল সোমবার ইউজিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়। কমিশনের জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয় ইউজিসির পরামর্শ অমান্য করে অনলাইনে পরীক্ষা গ্রহণ ও মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করছে। এমনকি দেশের এই সংকটময় মুহূর্তে কিছু কিছু প্রাইভেট বিশ^বিদ্যালয় সামার সেমিস্টারে ভর্তি কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ ধরনের কার্যক্রম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সেমিস্টার ফাইনাল ছাড়া গ্রেড প্রদান, মূল্যায়ন এবং কোনো ধরনের পরীক্ষা ছাড়াই স্নাতক প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নিয়েছে কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয়, যা নৈতিকতার বিচারে ঠিক নয়। ইউজিসির আদেশে এ ধরনের কার্যকলাপের কথা কোথাও উল্লেখ করা হয়নি। গুটি কয়েক বিশ্ববিদ্যালয়ের এ ধরনের কার্যক্রম পরিচালনা অত্যন্ত দুঃখজনক বলে বিজ্ঞপ্তিতে মন্তব্য করেছে ইউজিসি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোকে অনতিবিলম্বে এ ধরনের কার্যক্রম বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলা এবং ব্যাপক বিস্তার রোধকল্পে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সরকার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির মেয়াদ ১৪ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করেছে। করোনাভাইরাস মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকারের নির্দেশনা মেনে চলার জন্য উচ্চশিক্ষা পরিবারের সবাইকে অনুরোধ জানিয়েছে ইউজিসি।
এর আগে গত ২৪ মার্চ ইউজিসির সদস্য অধ্যাপক ড. সাজ্জাদ হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে (ইউজিসি) অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে উৎসাহিত করা হয়। এরপর ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিসহ বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় অনলাইনে ক্লাস নিতে শুরু করে। কিন্তু অনলাইনে ক্লাস নেওয়ার সুবিধার আড়ালে কিছু বিশ্ববিদ্যালয় অনলাইনে পরীক্ষা নিতেও শুরু করেছে। আর এতেই আপত্তি জানিয়েছে ইউজিসি। তারা অনলাইনে পরীক্ষা ও ভর্তি নেওয়ার কার্যক্রম বন্ধের জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশ দিয়েছে।
