ফখরুলের বক্তব্য চোখ থাকতে অন্ধের মতো : তথ্যমন্ত্রী

আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ০২:৩১ এএম

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক প্যাকেজের বিষয়ে ফখরুল সাহেবের বক্তব্যকে চোখ-কান থাকতে অন্ধ-বধিরের মতো আচরণ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। গতকাল সোমবার রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেব সংবাদ সম্মেলন করে যে বক্তব্য রেখেছেন, এতে মনে হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী যে অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করেছেন, সেটা না পড়ে, না বুঝে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমরা আশা করেছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর এই অর্থনৈতিক পাকেজ ঘোষণার পর, তারা সরকারকে ধন্যবাধ জানাবেন। কিন্তু প্রকৃতপক্ষে তারা ধন্যবাদ জানানোর সংস্কৃতিটাই লালন করেন না। সে কারণে বিএনপি এবারও চিরাচরিত গতানুগতিক রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি।’

এই প্যাকেজ ঘোষণার আগে থেকেই সরকার দরিদ্র, খেটে খাওয়া মানুষের জন্য নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে উল্লেখ করে তিনি বলেন, অথচ ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে এখানে দরিদ্র মানুষের কোনো কথা নেই, এখানে দিন আনে দিন খায় এমন মানুষের কোনো কথা নেই- এ ধরনের কান্ডজ্ঞানহীন কথা বলেছেন। এই সংবাদ সম্মেলন করার আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জানা উচিত ছিল, বিএনপির মতো একটি বড় দলের মহাসচিবের মতো দায়িত্বে থেকে বিষয়গুলো খতিয়ে দেখে বক্তব্য রাখা।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘প্রধানমন্ত্রীর অর্থনৈতিক এই প্যাকেজে কৃষক,  মৎস্যখামারি, হাঁস-মুরগি পালনকারীদের ক্ষতি পোষাতেও পদক্ষেপ নেওয়া হয়েছে। অথচ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন, এই সমস্ত খাতে কোনো বরাদ্দ দেওয়া হয়নি। মির্জা ফখরুল সাহেব চোখ-কান থাকতেও অন্ধ ও বধিরের মতো আচরণ করছেন।’

স্বাস্থ্য খাতের বিষয়েও মির্জা ফখরুলের অভিযোগ খন্ডন করে তথ্যমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্য খাতে চলতি বাজেটে ২৫ হাজার পাঁচশ আশি দশমিক ৫৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী প্যাকেজ ঘোষণার আগেই পিপিই ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর ব্যবস্থাসহ করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য নানা পদক্ষেপ নিয়েছেন, যেগুলো মির্জা ফখরুল সাহেব হয়তো জেনেও না জানার ভান করছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় ইতিমধ্যেই সারা দেশে সাড়ে তিন লক্ষেরও বেশি পিপিই বিতরণ করেছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত