শ্যামপুরে রাস্তায় পড়ে থাকা ব্যবসায়ীর স্ট্রোকে মৃত্যু

আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ০২:৪২ এএম

রাজধানীর শ্যামপুরে জুরাইনে একটি সড়ক থেকে নাসির উদ্দিন (৫০) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি রাস্তায় পড়ে থাকতে দেখেও করোনাভাইরাস সংক্রমণের কেউ কাছে যায়নি। পরে খবর পেয়ে পুলিশ অজ্ঞাত হিসেবে তার লাশ উদ্ধার করে। গতকাল সোমবার তার পরিচয় শনাক্ত করে পুলিশ।

শ্যামপুর থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই কানাই জানান, ‘গত শনিবার রাত ২টার দিকে জুরাইনের নতুন রাস্তা থেকে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সোমবার তার পরিচয় শনাক্ত করা হয়।

শ্যামপুর থানার ওসি মফিজুল আলম বলেন, ‘রাস্তার পাশে মৃতদেহ পড়ে থাকতে দেখে মানুষ থানায় খবর দেয়। পরে আমরা গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। নিহত নাসির উদ্দিন পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী। তার বাসা কদমতলীর আলমবাগে। তার ময়নাতদন্ত করা হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নাসির পরিবার নিয়ে কদমতলীর আলমবাগ এলাকায় থাকতেন। তিনি এর আগেও একবার স্ট্রোক করেছেন। ধারণা করা হচ্ছে এবারও তিনি স্ট্রোকে মারা গেছেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন করোনার কোনো লক্ষণ তার মধ্যে ছিল না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত