প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এপ্রিল মাস নিয়ে চিন্তায় আছি। একাধিক গবেষক চলতি মাসের করোনা পরিস্থিতি নিয়ে আশংকা প্রকাশ করেছেন বলে জানান তিনি।
চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৫টি জেলার প্রশাসনিক কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের সঙ্গে মঙ্গলবার সকাল ১০টায় ভিডিও কনফারেন্স করেন তিনি। সেখানে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে এই কথা বলেন।
শেখ হাসিনা বলেন, দুঃসময় আসছে। এপ্রিল মাসে করোনাভাইরাস ব্যাপকভাবে হানা দিতে পারে। এই পরিস্থিতি মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে। তাহলে ক্ষতি কম হবে।
করোনার লক্ষণ দেখা দেওয়া মাত্র সংশ্লিষ্টদের খবর দিতে বলেন। সবাইকে মানবিকভাবে এগিয়ে আসতে হবে। বলেন, মানুষের জন্য মানুষ। মানবিকতা নিয়ে এগোতে হবে। জাতির পিতার ডাকে একাত্তরে সবাই ঐক্যবদ্ধ হয়েছেন। ঐক্যের মূল্য আছে।
তিনি বলেন, জানুয়ারি থেকে করোনা নিয়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। সংক্রমণ আস্তে আস্তে বাড়ছে। সরকারের ব্যবস্থার কারণে অন্য দেশের মতো বাড়েনি।
ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী দিক নির্দেশনামূলক বিভিন্ন বিষয় তুলে ধরেন। চিকিৎসক, নার্স ও অন্যান্য সেবাদানকারীদের পুরস্কৃত করার কথাও বলেন।
