করোনা সন্দেহ

২ জেলায় আরও ৭ জনের নমুনা সংগ্রহ

আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ১২:০৮ এএম

করোনায় আক্রান্ত সন্দেহে গত ২৪ ঘণ্টায় দুই জেলায় একই পরিবারের তিন সদস্যসহ মোট সাতজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক শিশুসহ মোট পাঁচজনের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। লালমনিরহাটে ঢাকাফেরত এক যুবক (৩৫) ও শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া এক বৃদ্ধের (৭৫) নমুনা সংগ্রহের পর পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. অভিজিৎ রায় দেশ রূপান্তরকে বলেন, ‘গোপন সূত্রে ওই পাঁচজনের সর্দি-কাশিতে আক্রান্ত হওয়ার খবর পাই। পরে তাদের ডেকে এনে স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে রেখে নমুনা সংগ্রহ করা হয়। এ ঘটনায় করোনা পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।’

এদিকে লালমনিরহাটের ঘটনায় সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় দেশ রূপান্তরকে জানান, হাতীবান্ধার ওই যুবক জ্বর, সর্দি ও কাশি নিয়ে সম্প্রতি ঢাকা থেকে বাড়িতে আসেন। স্থানীয়রা বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তাকে জানায়। পরে ওই যুবকের বাড়ি গিয়ে তার নমুনা সংগ্রহ করা হয়। অন্যদিকে আদিতমারীর রসুলপাড়ায় শ্বাসকষ্ট নিয়ে ওই বৃদ্ধ মারা যাওয়ায় তার নমুনাও সংগ্রহ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত