দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে কর্মহীনদের সরকারি খাদ্য সহায়তা প্রকল্পের ত্রাণ বিতরণে নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে নাটোরের সিংড়ায় ত্রাণের ১৩ বস্তা চালসহ এক ইউপি সদস্যসহ ৩ জনকে আটক করেছে উপজেলা প্রশাসন। কিশোরগঞ্জের ভৈরবে ত্রাণের তালিকা তৈরিতে টাকা নেওয়ায় ইউনিয়ন পরিষদের সদস্যসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রামের হাটহাজারীতে ত্রাণের খাদ্যসামগ্রী কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে ৩ নং মির্জাপুর ইউপি চেয়ারম্যান নুরুল আবছারের বিরুদ্ধে। এছাড়া যশোরের একটি গুদামে অভিযান চালিয়ে সরকারি ৮০ বস্তা চাল জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। আর নওগাঁয় একটি বাড়ি থেকে ১৪ বস্তা সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির চাল উদ্ধার করা হয়েছে। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরেÑ
নাটোরে ১৩ বস্তা চালসহ ইউপি সদস্য এবং আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার : নাটোরের সিংড়ায় ত্রাণের ১৩ বস্তা চালসহ এক ইউপি সদস্য ও তার দুই সহযোগীকে আটক করেছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার দুপুরে সুকাশ ইউনিয়নের বোয়ালিয়া বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
জানা যায়, গতকাল দুপুরে চাল ব্যবসায়ী গোলাম চাল কিনে যাওয়ার পথে বোয়ালিয়া এলাকায় ৮ বস্তা চালসহ স্থানীয়রা তাকে আটক করে। পরে প্রশাসনকে বিষয়টি জানানো হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলমের নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে বোয়ালিয়া ক্লাব থেকে আরও ৫ বস্তা চাল উদ্ধার করা হয় এবং গোলামের দেওয়া তথ্যমতে ইউপি সদস্য শাহিন শাহ ও ডিলার লেবুকে আটক করা হয়। পরে তাদের উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আনা হয়।
সিংড়া উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু বলেন, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ভৈরবে তালিকা তৈরিতে টাকা নেওয়ায় ইউপি সদস্যসহ দুজন গ্রেপ্তার : কিশোরগঞ্জের ভৈরবে করোনাভাইরাস প্রতিরোধকল্পে কর্মহীনদের সরকারি খাদ্য সহায়তা প্রকল্পের তালিকা তৈরিতে টাকা নেওয়ায় গজারিয়া ইউনিয়ন পরিষদের সদস্য সোহেল মিয়া এবং তার সহযোগী ফটোস্ট্যাট দোকানদার আলামিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর গতকাল তাদের কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়।
জানা যায়, গজারিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য সোহেল মিয়া করোনাভাইরাস প্রতিরোধকল্পে সামাজিক বিচ্ছিন্নতার আওতায় কর্মহীন শ্রমিক শ্রেণির লোকজনদের সরকারি খাদ্য সহায়তার তালিকা তৈরিতে টাকা গ্রহণ করছেনÑ স্থানীয় লোকজনের কাছ থেকে এমন অভিযোগ পেয়ে গত সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিল্লুর রহমান রাশেদ এলাকা পরিদর্শনে যান। স্থানীয় বাঁশগাড়ি বাজারে ইউপি মেম্বারের সহযোগী আল আমিনের ফটোস্ট্যাটের দোকানে গিয়ে তারা অভিযোগের সত্যতাও পান। তারা তৎক্ষণাৎ ইউপি মেম্বার সোহেল ও দোকানদার আল আমিনকে আটক করে উপজেলা কমপ্লেক্সে নিয়ে আসেন।
পরে রাতে গজারিয়া ইউনিয়ন পরিষদের সচিব মুশিউজ্জামান রুবেল বাদী হয়ে ইউপি সদস্য সোহেল ও ফটোকপির দোকানদার আল আমিনের বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
হাটহাজারীতে ত্রাণের খাদ্যসামগ্রী কেড়ে নেওয়ার অভিযোগ : চট্টগ্রামের হাটহাজারীতে ত্রাণের খাদ্যসামগ্রী কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলার ৩নং মির্জাপুর ইউপি চেয়ারম্যান নুরুল আবছারের বিরুদ্ধে। পরে ত্রাণ থেকে বঞ্চিত ২৬ পরিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসে ত্রাণের দাবি করলে উপজেলা পরিষদ থেকে ইউএনও এসব পরিবারকে ত্রাণসামগ্রী প্রদান করেন।
জানা যায়, গত ৪ এপ্রিল ৩নং মির্জাপুর ইউনিয়নের ৮ ইউপি সদস্য চেয়ারম্যানের বিভিন্ন প্রকল্পকাজে নানা অনিয়ম ও ত্রাণ বিতরণে তাদের সঙ্গে আলাপ না করার অভিযোগ এনে ইউএনও বরাবর আবেদন করেন। আবেদন পেয়ে ইউএনও গত ৬ এপ্রিল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে আবেদনের শুনানি করেন। এ সময় আবেদনকারী ৮ ইউপি সদস্য ও চেয়ারম্যানের বক্তব্য তিনি শোনেন। ইউপি কার্যালয়ে ইউএনওর উপস্থিতির কথা অবহিত হয়ে এলাকার ত্রাণবঞ্চিতরা সেখানে গিয়ে ভিড় করেন। ইউএনও শুনানি শেষে তার দপ্তরে চলে এলে ত্রাণবঞ্চিতরা ইউএনওর কার্যালয়ে এসে ভিড় জমান।
তবে মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছার ত্রাণের কথা বলে কোনো মানুষকে ইউনিয়ন পরিষদে ডেকে পাঠাননি এবং তাদের কাছ থেকে ত্রাণ কেড়ে নেওয়ার কথা তিনি অস্বীকার করেন। তিনি বলেন, ‘ইউপি কার্যালয়ে ইউএনওর আসার সংবাদ পেয়ে লোকজন ত্রাণের আশায় ছুটে এসেছিল। ইউএনও চলে যাওয়ার পর ত্রাণপ্রত্যাশী লোকজনকে আমার ভাই মিজানুর রহমান ও যুবলীগ নেতা মো. হাসেম ইউপি পরিষদ সংলগ্ন মুহুরীহাট বাজার থেকে প্রতিজনকে তিন কেজি করে চাল ক্রয় করে দেন। যাদের চাল দিতে পারেনি তারা ইউএনও কার্যালয়ে ছুটে গেছে। ইউএনও তাদেরকে কিছু ত্রাণসামগ্রী প্রদান করেছেন।’
ইউএনও রুহুল আমিন বলেন, ‘চেয়ারম্যান নুরুল আবছার ত্রাণের কথা বলে স্থানীয় লোকজনকে ইউপি কার্যালয়ে ডেকে পাঠান। তারা ত্রাণ চাইলে তাদেরকে চেয়ারম্যানের লোকজন লাঠিপেটা করে। তাড়া খেয়ে ত্রাণবঞ্চিতরা আমার কার্যালয়ে ছুটে এলে ২৬ জনকে ভালোবাসার উপহারস্বরূপ ত্রাণ বিতরণ করি।’
যশোরে গুদাম থেকে ৮০ বস্তা চাল জব্দ : যশোর শহরতলির শানতলায় একটি গুদামে গতকাল মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে সরকারি ৮০ বস্তা চাল জব্দ করেছে ডিবি পুলিশ। এ সময় সেখান থেকে দুই যুবককে আটক করা হয়েছে।
ডিবি পুলিশের ওসি মারুফ আহম্মদ জানান, তারা গোপন সূত্রে খবর পান যে শানতলায় অত্যন্ত গোপনে সরকারি চাল মজুদ করে রাখা হয়েছে। এ খবর পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে তারা সেখানে অভিযান চালান। এ সময় গুদামে তল্লাশি চালিয়ে খাদ্য অধিদপ্তর লেখা ৮০ বস্তা চাল জব্দ করেন। প্রতি বস্তায় ৫০ কেজি করে চাল রয়েছে। যার মোট পরিমাণ ৪ হাজার কেজি।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে তারা রাকিব হাসান শাওন ও হাসিবুল হাসান নামে দুই যুবককে আটক করেছেন। আটক রাকিব হাসান শাওন বাঘারপাড়া উপজেলার প্রেমচারা গ্রামের বাসিন্দা ও হাসিবুল হাসান যশোর শহরতলির ঝুমঝুমপুরের বাসিন্দা। জব্দকৃত চালের সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে। এই চাল কোথায় পেয়েছেন এবং এর সঙ্গে আর কারও সম্পৃক্ততা আছে কি-না এ বিষয়ে তারা আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করবেন। তবে যদি আরও কারও সম্পৃক্ততা পাওয়া যায় তাদের বিরুদ্ধেও আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
নওগাঁয় ১৪ বস্তা চাল উদ্ধার : নওগাঁর বদলগাছীতে ১৪ বস্তা সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে বাড়ির মালিক সোহেল রানাকে। সোহেল রানা উপজেলার বিলাসবাড়ী গ্রামের মৃত আবদুল করিমের ছেলে। গত সোমবার বিকেলে উপজেলার বিলাসবাড়ী ইউনিয়নের বিলাসবাড়ী গ্রামে সোহেল রানার দোকান ও বাড়িতে অভিযান চালানো হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহারুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
সহকারী কমিশনার (ভূমি) নাহারুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে প্রথমে সোহেল রানার মুদি দোকানে অভিযান চালানো হয়। এরপর তার নিজ বাড়ি বিলাসবাড়ী ইউনিয়নের বিলাসবাড়ী গ্রামে অভিযান পরিচালনা করে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির ১৪ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে চাল রয়েছে। সরকারি চাল নিজ হেফাজতে রাখার অপরাধে সোহেল রানাকে আটক করে থানায় হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত চাল বিলাসবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের হেফাজতে রাখা হয়েছে।
বদলগাছী থানার ওসি চৌধুরী জোবায়ের আহম্মেদ দেশ রূপান্তরকে বলেন, সোমবার রাতে উপজেলা খাদ্য কর্মকর্তা তার বিরদ্ধে থানায় মামলা দায়ের করেন। মঙ্গলবার দুপুরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
