মেহেরপুরের গাংনীতে ত্রাণ নিয়ে ফেরার পথে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রনি আহমেদ (২১) নামের কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ঢাকা মেডিনোভা হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়। সে গাংনী উপজেলার মোহাব্বতপুর গ্রামের ময়নাল ব্যাপারীর ছেলে ও মেহেরপুর সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র।
প্রত্যক্ষদর্শী আসলাম হোসেন জানান, দুর্ঘটনার সময় তিনি ত্রাণ নিয়ে বাড়ি ফিরছিলেন। এমন সময় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। রনির বন্ধু আহত হোসেন খন্দকার (২১) জানান, রনি আহমেদ ও তিনি সকাল ১০টার সময় মহাব্বতপুর গ্রাম থেকে মোটরসাইকেলযোগে বামুন্দী বাজারের দিকে যাচ্ছিলেন। বামুন্দী মোড় গার্লস স্কুলের
কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতিতে ৩ জন বহনকারী অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে তিনি ছিটকে পড়ে আহত হন। গুরুতর আহত হলে রনিকে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করলে ঢাকা মেডিনোভা হাসপাতালে নেওয়ার পথে গতকাল ২টার দিকে তার মৃত্যু হয়।
গাংনী থানার ওসি মো. ওবাইদুর রহমান জানান, ঘাতক মোটরসাইকেলের চালকের সন্ধান করা হচ্ছে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।
