নৌবাহিনীর ত্রাণ ও স্প্রে কার্যক্রম অব্যাহত

আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ০১:২৬ এএম

দেশব্যাপী করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় রাজধানীর গুলশান ও আমেরিকান দূতাবাস সংলগ্ন কূটনৈতিক এলাকার প্রধান প্রধান সড়ক, ফুটপাত ও আশপাশের পরিবেশ জীবাণুমুক্ত রাখতে জীবাণুনাশক স্প্রে ছিটানোসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে নৌবাহিনী। গতকাল মঙ্গলবার নৌবাহিনীর সদস্যরা দিনব্যাপী এসব কার্যক্রম পরিচালনা করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)

এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। পৃথক আরেক বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমান বাহিনী করোনাভাইরাস প্রতিরোধকল্পে বিমান বাহিনীর একটি এডব্লিউ-১৩৯ মডেলের হেলিকপ্টারের অর্গানিক স্ট্রেচারকে বিশেষভাবে রূপান্তর করে করোনা রোগী পরিবহনের ব্যবস্থা করা হয়েছে। স্ট্রেচারটিতে একটি কাঠামো স্থাপন করা হয়েছে যা প্লাস্টিক দ্বারা সম্পূর্ণভাবে আচ্ছাদিত থাকবে। এই আচ্ছাদনের ভেতরে অক্সিজেন মাস্কের মাধ্যমে করোনা আক্রান্ত ব্যক্তির শ্বাস-প্রশ্বাসের সুবিধা থাকবে।

আইএসপিআর আরও জানায়, বিমান বাহিনীর প্রস্তুতিমূলক ব্যবস্থাটি এমনভাবে সম্পাদন করা হবে যাতে আক্রান্ত ব্যক্তি সর্বাবস্থায় সুরক্ষিত থাকে এবং একই সঙ্গে স্থানান্তর কার্যক্রমে নিয়োজিত ব্যক্তিবর্গ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ হতে সুরক্ষিত থাকে। এই নীতির অনুসরণে বিমান বাহিনী একটি অনুশীলন সফলভাবে সম্পন্ন করেছে। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের দিকনির্দেশনায় হেলিকপ্টারটি পরিচালিত হচ্ছে।

নৌবাহিনীর ত্রাণ বিতরণের সময় ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য এমপি আকবর হোসেন পাঠান (ফারুক)-সহ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে নৌবাহিনী রাজধানীর ভাষানটেক এলাকায় গরিব, দুস্থ ও অসহায় ৫০০ পরিবারের প্রত্যেককে চাল, ডাল, তেল, আলু, চিনি, সাবান, লবণ ও মাস্কসহ ত্রাণ ও সুরক্ষা সামগ্রী বিতরণ করে।

আইএসপিআর আরও জানায়, নৌবাহিনীর সদস্যরা জনসমাগম বন্ধসহ সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং মানুষকে ঘরে থাকা নিশ্চিত করতে স্থানীয়দের মাঝে সচেতনতা তৈরি করতে নানা পরামর্শ দিচ্ছে। পাশাপাশি উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় জনগণের সঙ্গে একাত্ম হয়ে নৌবাহিনী এ কার্যক্রম পরিচালনা করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত