করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে একদফা পিছিয়ে গেছে কান চলচ্চিত্র উৎসব। চলতি পরিস্থিতিতে ভার্চুয়ালি আয়োজনের কথা শোনা গেলেও নাকচ করে দিলেন উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমু।
ভ্যারাইটির সঙ্গে আলাপকালে তিনি জানান, কানের ইতিহাস, মর্ম বা সক্ষমতার দিক থেকে ভার্চুয়াল মডেল যায় না।
ওয়েস অ্যান্ডারসন বা পল ভেরহোভেনের সিনেমা কম্পিউটারে দেখা, টপ গান টু বা পিক্সারের সৌলের মতো সিনেমা থিয়েটারের চেয়ে অন্য কোথাও দেখা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সিনেমাগুলোর প্রেক্ষাগৃহে মুক্তি স্থগিত হয়েছে বলে আগে কেন আমরা ডিজিটাল ডিভাইসের দেখতে চাইবো? এভাবে আসন্ন উৎসবে প্রদর্শিত হতে যাওয়া কিছু সিনেমার উদাহরণ দিয়ে খোঁচা দেন।
মার্চের শুরুতেই কান অনুষ্ঠিত হওয়া নিয়ে প্রশ্ন দেখা দেয়। তখনই করোনা বিশ্বব্যাপী আলোচনার বিষয় হয়ে উঠে। অনেক গুঞ্জনের পর ১৯ মার্চ উৎসব স্থগিতের ঘোষণা আসে। এর পর শোনা যায় জুন বা জুলাইয়ের দিকে অনুষ্ঠিত হতে পারে।
সব উৎসব বাতিল হয়ে গেলেও ভার্চুয়ালের মতো অনিশ্চিত ও পরিমার্জিত বিকল্পকে সমাধান বলে মনে করেন না ফ্রেমু। বিশেষ করে এর সঙ্গে পাইরেসিসহ নানান বিষয় জড়িত আছে।
এ দিকে থিয়েরি ফ্রেমুর মতো একই প্রতিধ্বনি শোনা গেছে ভেনিস চলচ্চিত্র উৎসবের আলবার্তো বারবেরার কণ্ঠে।
