করোনাভাইরাসের এই ভয়াবহতার মধ্যে অনুশীলন সেশন শুরু করেছেন টটেনহ্যাম কোচ হোসে মরিনহো। সেটি না হয় করেছেন। জার্মানিতে যেমন বায়ার্ন মিউনিখসহ বেশ কটি ক্লাব অনুশীলন শুরু করেছে।
ইংল্যান্ডের ক্লাবগুলো অবশ্য সেভাবে অনুশীলন শুরু করেনি। করোনার ভয়াবহতার মধ্যে সরকারের পক্ষ থেকে নানা নিষেধাজ্ঞা থাকলেও শরীর চর্চার জন্য কিছু নিয়ম মেনে বাইরে যাওয়া যাবে। কিন্তু মরিনহো তার শিষ্যদের নিয়ে অনুশীলনে নেমে মানেননি কোনো নিয়ম।
উত্তর লন্ডনের একটি পার্কে তিন শিষ্যকে অনুশীলন করিয়েছেন টটেনহ্যামের পর্তুগিজ কোচ। তিন ফুটবলার হলেন- ফরাসি মিডফিল্ডার ট্যাঙ্গয় এনদোম্বেলে, ইংলিশ লেফটব্যাক রায়ান সেসেনিওন ও কলম্বিয়ার সেন্টারব্যাক ডেভিনসন সানচেজ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে যার ছবি ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে তারা কেউই দূরত্ব বজায় রেখে অনুশীলন করছেন না। যা নিয়ে সমালোচনার ঝড় উঠে।
টটেনহ্যামের পক্ষ থেকে একজন বলেছেন, ‘আমরা সরকারের বার্তাটিকে আরো জোরদার করব।’
নিজের ভুল স্বীকার করে মরিনহো বলেন, ‘আমি স্বীকার করছি আমার কাজগুলো সরকার নির্দেশিত নিয়মে হয়নি। আমাদের অবশ্যই কেবল নিজেদের পরিবারের সদস্যদের সঙ্গে থাকতে হবে।’
