ইতালিতে করোনাভাইরাসের ভয়াবহতা সবার জানা। মরণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে এবার মারা গেলেন দেশটির অলিম্পিয়ান দোনাতো সাবিয়া। অলিম্পিকের দুই আসরে ৮০০ মিটার ইভেন্টের ফাইনালিস্ট ছিলেন তিনি।
বুধবার ইতালিয়ান অলিম্পিক কমিটি ৫৬ বছর বয়সী এই অ্যাথলেটের মৃত্যুর খবর জানিয়েছে। বিবৃতিতে তারা জানায়, পোটেঞ্জার একটি হাসপাতালে আইসিইউতে ছিলেন সাবিয়া। কদিন আগে সাবিয়ার বাবাও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
১৯৮৪ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ৮০০ মিটার ইভেন্টে পঞ্চম হয়েছিলেন সাবিয়া। চার বছর পর সিউলে একই ইভেন্টের ফাইনালে সাত নম্বরে থেকে দৌড় শেষ করেন। ১৯৮৪ সালে ইউরোপিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জিতেছিলেন তিনি।
ইতালিয়ান অলিম্পিক কমিটির তথ্য মতে, করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো অলিম্পিক ফাইনালিস্টের মৃত্যু হলো সাবিয়ার।
ইতালিয়ান অলিম্পিক ফেডারেশন জানিয়েছে, ‘সাবিয়া ছিলেন অসাধারণ প্রতিভা। তবে সবকিছু ছাপিয়ে তিনি ছিলেন খুবই অসাধারণ একজন ব্যক্তি।’
