করোনার বিরুদ্ধে লড়াই

যুক্তরাষ্ট্র ও চীনকে নেতৃত্ব দেওয়ার আহ্বান ডব্লিউএইচওর

আপডেট : ০৯ এপ্রিল ২০২০, ০৪:৪০ এএম

মহামারী রূপে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র আর চীনকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়াসুস। তিনি বলেছেন, এই লড়াইয়ে দেশ দুটিকে নেতৃত্বে এগিয়ে আসতে হবে। গতকাল জেনেভায় সংস্থাটির নিয়মিত সংবাদ সস্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, করোনাযুদ্ধে বিশ্ব যদি একতাবদ্ধ না হয়, তবে মারাত্মক ঝুঁকির মধ্যে পড়তে হবে। সবচেয়ে বাজে অবস্থার জন্য প্রস্তুত থাকতে হবে আমাদের।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অনুদান না দেওয়ার যে হুমকি দেন, সেই প্রসঙ্গ টেনে করোনাভাইরাস নিয়ে রাজনীতি না করার আহ্বান জানান। তিনি এ সময় করোনার বিরুদ্ধে লড়তে তিনটি বিশেষ বিষয়ের ওপরও গুরুত্বারোপ করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, দয়া করে জাতীয় পর্যায়ে ঐক্য বজায় রাখুন। রাজনৈতিক বিবেচনায় বিভক্ত হবেন না। বৈশ্বিক পর্যায়ে সত্যিকারে ঐক্য স্থাপন করুন। আর তাতে সততার সঙ্গে নেতৃত্বে আসুক যুক্তরাষ্ট্র আর চীন। সর্বশেষ বিষয়টি হচ্ছে, ভাইরাসের বিরুদ্ধে এই লড়াইকে রাজনীতিকীরণ করবেন না। এর আগের দিন বিশ^ স্বাস্থ্য সংস্থার কড়া সমালোচনা করে প্রতিষ্ঠানটি ‘অনেক বেশি চীনঘেঁষা’ বলে মন্তব্য করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময় বৈশ্বিক এ সংস্থাটি বাজে পরামর্শ দিয়েছে অভিযোগ করে তিনি তাদের জন্য বরাদ্দ মার্কিন তহবিল স্থগিত হচ্ছে বলেও হুমকি দিয়েছিলেন। ট্রাম্প বলেছিলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সত্যিকার অর্থেই ধাক্কা দিয়েছে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে বেশি অর্থ নেওয়া সত্ত্বেও তারা অনেকখানি চীনঘেঁষা। এদিকে আমরা ভালোমতো নজর দিচ্ছি। আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার জন্য অর্থ ব্যয় স্থগিত রাখতে যাচ্ছি।

এদিকে কেবল মহাপরিচালক ব্যক্তিগতভাবেই না দাপ্তরিকভাবেও ট্রাম্পের এই বক্তব্যের প্রদিবাদ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির ইউরোপীয় অঞ্চলের পরিচালক হান্স ক্লুজি এক ভার্চুয়াল ব্রিফিংয়ে বলেন, আমরা করোনা মহামারী মোকাবিলায় সঠিক পথে আছি। এখন তহবিল কাটছাঁটের সময় নয়।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিচও যুক্তরাষ্ট্রের সমালোচনা উড়িয়ে দিয়ে বলেছেন, মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের পক্ষ থেকে বলছি, এটা সুস্পষ্ট যে কভিড-১৯ মোকাবিলায় ড. তেদ্রোস আধানম গেব্রিয়াসুসের নেতৃত্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অসাধারণ কাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত