ঝিনাইদহ সদরে সপরিবারে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় বাবা ও মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন মা ও ছেলে। গতকাল বুধবার সকালে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের হাটগোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার রতনহাট গ্রামের গ্রামীণ ব্যাংক কর্মকর্তা সেলিম রেজা (৩৫) ও তার মেয়ে সুমাইয়া আক্তার (১১)। সদর থানার ওসি মিজানুর রহমান দেশ রূপান্তরকে জানান, বুধবার সকালে মোটরসাইকেলে করে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মাগুরা থেকে গ্রামে ফিরছিলেন সেলিম। পথে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পাটগোপালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে চারজনই গুরুতর আহত হন। সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মেয়ে সুমাইয়া আক্তারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সেলিমের শারীরিক অবস্থার অবনতি হলে উণ্ণত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাকটি আটক করলেও চালক পলাতক।
এদিকে গতকাল ভোর থেকে বিকেল পর্যন্ত দেশের বিভিনড়ব স্থানে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিকসহ আরও তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৮ জন। এর মধ্যে সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাক উল্টে এক শ্রমিকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। সাভারে ট্রাফিক পুলিশের নির্দেশ না মেনে পালানোর সময় কাভার্ড ভ্যানচাপায় এক নারী পোশাকশ্রমিক ও অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামের আনোয়ারায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুজন আহত হয়েছেন। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে :
সিরাজগঞ্জে ট্রাক উল্টে শ্রমিক নিহত : শাহজাদপুরে মাটি কাটার ট্রাক উল্টে আবদুল ওয়াহাব প্রামাণিক নামে (৪৫) এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। গতকাল বুধবার ভোরে উপজেলার গাড়াদহ বাজারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আবদুল ওয়াহাব উপজেলার নরিনা ইউনিয়নের নারায়ণদহ গ্রামের প্রয়াত কফেত আলী প্রামাণিকের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার ভোরে মাটি কাটার জন্য নারায়ণদহ গ্রাম থেকে দক্ষিণপাড়া গ্রামের মাটি ব্যবসায়ী কোরবান আলীর খাদে যাচ্ছিল ট্রাকটি। ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় ট্রাকটি বাজারপাড়া গ্রামের আলাল মাস্টারের বাড়ির পাশের খাদে উল্টে পড়ে যায়। এতে ট্রাকে থাকা শ্রমিকরাও নিচে পড়ে যান। একপর্যায়ে ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তারা। এতে ঘটনাস্থলেই আবদুল ওয়াহাবের মৃত্যু হয়। পরে খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহযোগিতায় ট্রাকের নিচে চাপা পড়া শ্রমিকদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
সাভারে কাভার্ড ভ্যানচাপায় নিহত ২ : সাভারে ট্রাফিক পুলিশের নির্দেশ না মেনে পালানোর সময় কাভার্ড ভ্যানের চাপায় পিষ্ট হয়ে এক নারী পোশাকশ্রমিক ও অটোরিকশাচালক নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক নুরুন্নবীকে (২৮) আটক করেছে পুলিশ। নিহত নারী শ্রমিকের নাম মরিয়ম আক্তার (৩৫)। তিনি নওগাঁ জেলার পত্নীতলা থানার মানাসি গ্রামের বাসিন্দা। রেডিও কলোনি এলাকায় ভাড়া বাসায় থেকে পাশের উলাইল এলাকার এ কে এম নিটওয়্যার লিমিটেড কারখানায় সুইং মেশিন অপারেটর হিসেবে কাজ করতেন তিনি। এ ছাড়া নিহত অটোরিকশাচালকের নাম রিয়াদ (৩০)। তার বাড়ি ভোলায়। আশুলিয়ায় ভাড়া থেকে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার কারখানায় বেতন দেওয়ার কথা ছিল। তাই সবাই কারখানায় যাচ্ছিলেন। মরিয়মও একটি অটোরিকশায় করে কারখানার দিকে যাচ্ছিলেন। পথে তাকে বহনকারী রিকশাটি গেন্ডা বাসস্ট্যান্ডে পৌঁছালে সড়কে দায়িত্বরত ট্রাফিক পুলিশ ও স্বেচ্ছাসেবক কর্মীরা অটোরিকশাটিকে থামার জন্য সংকেত দেন। কিন্তু চালক সংকেত না মেনে দ্রুতগতিতে সাভারের দিকে চলে যান।
×
