করোনায় আক্রান্ত ১৬ লাখ, মৃত সাড়ে ৯৫ হাজার

আপডেট : ১০ এপ্রিল ২০২০, ০৯:১১ এএম

প্রাণঘাতী করোনাভাইরাসে (কভিড-১৯) বিশ্বে আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ছাড়িয়েছে। মারা গেছেন সাড়ে ৯৫ হাজারের বেশি। সুস্থ হয়ে উঠেছেন সাড়ে ৩ লাখের বেশি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ৩-৪ দিনের মধ্যে ইউরোপে দ্বিগুণ হচ্ছে আক্রান্তের সংখ্যা।

জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৪২৭ জনে দাঁড়িয়েছে। মারা গেছেন ৯৫ হাজার ৬৯৯ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৫৪ হাজার ৬ জন।

আক্রান্তের সংখ্যায় শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। মৃতের সংখ্যায় ইতালির পরেই দেশটির অবস্থান।

যুক্তরাষ্ট্রে করোনায় বৃহস্পতিবার আরও ১ হাজার ৭৮৩ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা বুধবারের রেকর্ড মৃত্যু থেকে ১৯০ জন কম বলে জানিয়েছে এএফপি।

জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৬৫ হাজার ৩২৯ জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা ১৬ হাজার ৬৯১ বলে জানিয়েছে ওয়ার্ল্ডোমিটারস।

সিএনএন জানিয়েছে, নিউইয়র্কে গত ২৪ ঘণ্টায় ৫১৮ জন মারা গেছে। সেখানে মৃতের সংখ্যা ৪ হাজার ৭৭৮ জনে দাঁড়িয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৮৭ হাজার ৭২৫ জন।

ইতালিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৬২৬ জন। দেশটিতে মারা গেছেন ১৮ হাজার ২৭৯ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত