করোনা নিয়ে নির্মিত হলো সচেতনতামূলক বিশেষ গান-ভিডিও। আর এতে অংশ নিয়েছেন সংগীত, নাটক, চলচ্চিত্র, অনলাইন, নিউজ, রাজনীতি, সমাজসেবা ও কর্পোরেটের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বরা।
এই আয়োজনে আছেন সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, কণা, এলিটা, মিলা, ঐশী, নওরীন, জেফার, পড়শি, অভিনয়শিল্পী শমী কায়সার, নোবেল, আরিফিন শুভ, মম, নাদিয়া, সাবিলাসহ ৭০ ব্যক্তিত্ব। নিজেদের বাসা থেকে মোবাইলে ভিডিও ও কণ্ঠ দিয়েছেন তারা।
গানটির শিরোনাম ‘এসো সবাই’। কথা লিখেছেন আসিফ ইকবাল। সুর, সংগীতায়োজন ও ভিডিও পরিচালনা করেছেন অদিত রহমান। সার্বিক ব্যবস্থাপনায় আছেন গায়ক মাহাদী ফায়সাল।
শনিবার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে অবমুক্ত করা হবে।
একান্ত ব্যক্তিগত দায়বদ্ধতা থেকে এ ব্যতিক্রমী উদ্যোগ বলে জানালেন আসিফ ইকবাল। এর সঙ্গে আরও যুক্ত আছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের পরিচালক দিদারুল আলম সানি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি এনালাইজেনের চেয়ারম্যান রিসালাত সিদ্দিকী, কনসিটো পিআরের নির্বাহী পরিচালক মাহজাবিন ফেরদৌসী স্বর্ণা, গায়ক মাহাদী ফায়সাল ও সংগীত পরিচালক অদিত রহমান।
