সরকারের অবহেলায় স্বাস্থ্য খাতে চরম সংকট: রিজভী

আপডেট : ১০ এপ্রিল ২০২০, ০৩:৩৮ পিএম

করোনা মোকাবিলায় সরকারের অবহেলার কারণেই স্বাস্থ্য খাতে চরম সংকট বিরাজ করছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এ সংকট মোকাবিলায় জাতীয় ঐক্য গড়ার ফের তাগিদ দিয়েছেন বিএনপির এই মুখপাত্র।

শুক্রবার বেলা ১১টায় রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালের চিকিৎসকদের মাঝে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর উদ্যোগে হলি ফ্যামিলি হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ও অন্যদের জন্য এসব পিপিই প্রদান করা হয়।

রিজভী বলেন, ‘যখন থেকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়েছে, সরকার তখন থেকেই কোনো পদক্ষেপ নেয়নি। তাই আজ মেডিকেল সেক্টরে করোনা ভাইরাস প্রতিরোধের কোনো ব্যবস্থা নিতে পারছে না। সরকারের অবহেলার কারণেই স্বাস্থ্য খাতে চরম সংকট বিরাজ করছে।’

তিনি বলেন, এই সংকটের মধ্যেও অনেক চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী নিবেদিতভাবে কাজ করছেন। তাদেরকে ধন্যবাদ জানাই। যার যার অবস্থানে থেকে সবাইকে সচেতনভাবে কাজ করতে হবে।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, ‘সমস্ত দেশবাসী এখন বৈশ্বিক মহামারী করোনার ভয়ে ভীত এবং মারাত্মক সংকটের মধ্যে রয়েছে। ঢাকাসহ সারা দেশের ২০ জেলায় এখন পর্যন্ত করোনার থাবা লক্ষ্য করা গেছে। এই সংকট মোকাবিলায় আমাদের জাতীয় ঐক্য দরকার।’

করোনার প্রাণহানির তথ্য তুলে ধরে তিনি বলেন, সত্যিকারভাবে জনস্বাস্থ্য নিয়ে এ সরকার কিছুই করেনি। সরকারের মন্ত্রীদের মুখে দেশে উন্নয়নের জোয়ারের খবরে এতদিন দেশ ভেসে গেছে! তাহলে স্বাস্থ্য খাতের এত বেহাল দশা কেন?

‘হাসপাতালে নেই কোনো আধুনিক সরঞ্জামাদি? পরীক্ষা করতে নেই সামগ্রী। ডায়ালাইসিসের কোনো ব্যবস্থা নেই। তেমন কোনো আইসিইউ নেই, ১৭ কোটি মানুষের জন্য ভেন্টিলেটর আছে মাত্র ১৭শ’। হাসপাতালে চিকিৎসক নেই, নার্স নেই। হাসপাতালে ঘুরতে ঘুরতে চিকিৎসা না পেয়ে মারা গেছে ঢাবি শিক্ষার্থীসহ অসংখ্য মানুষ।’ যোগ করেন রিজভী।

উল্লেখ্য, করোনা ক্ষতিগ্রস্তদের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি করোনা সংক্রান্ত বিষয়ে যে কোনো পরামর্শ এবং প্রাথমিক জরুরি স্বাস্থ্যসেবার জন্য ২৪ ঘণ্টার মোবাইল হটলাইন চালু করেছে জেডআরএফ ও ড্যাব।

রোগের ধরন বুঝে সংশ্লিষ্ট ব্যক্তিকে বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে ফোনে সংযুক্ত করার পাশাপাশি সমস্যা জেনে টেলিফোনেই রোগীকে প্রেসক্রিপশন দেওয়া এবং মূল্য পরিশোধ সাপেক্ষে রোগীর চাহিদা অনুযায়ী ওষুধ রোগীর বাড়ি পৌঁছানোর জন্য একটি টিম বিনামূল্যে সেবাদানে নিয়োজিত আছেন।

এছাড়াও দেশের প্রায় সব বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্মরতদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) প্রদানের সিদ্ধান্ত নিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ড্যাব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত