আগামী বছরও অনিশ্চিত টোকিও অলিম্পিক!

আপডেট : ১২ এপ্রিল ২০২০, ১০:০০ এএম

করোনাভাইরাসের মহামারির কারণে এরই মধ্যে এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে চলতি বছরের অলিম্পিক আসর। কিন্তু টোকিও অলিম্পিকের আয়োজক কমিটির প্রধান শোনালেন আরেক অনিশ্চয়তার কথা। ২০২১ সালেও যে অলিম্পিক মাঠে গড়ানো যাবে এমন গ্যারান্টি দিতে পারছেন না তোশিরো মুতো!

সূচি অনুযায়ী চলতি বছরের ২৪ জুলাই টোকিও অলিম্পিকের পর্দা ওঠার কথা ছিল। কিন্তু প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়ায় ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ পিছিয়ে দেওয়া হয় এক বছর। নতুন সূচি অনুযায়ী আগামী বছর ২৩ জুলাই মাঠে গড়ানোর কথা টোকিও অলিম্পিক।

কিন্তু করোনাভাইরাস পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, তাতে আগামী বছরও অলিম্পিক অনুষ্ঠান করা যায় কি-না এ ব্যাপারে সন্দিহান তোশিরো মুতো, “আগামী বছরের জুলাইয়ের দিকে সব নিয়ন্ত্রণে চলে আসবে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কেউ এমনটা বলতে পারে বলে আমি মনে করি না।”

“গেমস এক বছর স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি আমরা। যাতে এই সময়ে আমরা আরও কঠোর পরিশ্রম করে গেমটা আরও ভালোভাবে আয়োজন করতে পারি। তাই আমাদের খুব করে আশা থাকবে মানবজাতি করোনাভাইরাস সংকট কাটিয়ে উঠবে।”

অথচ এক মাস আগেও অলিম্পিক আয়োজন ঘিরে সম্পূর্ণ বিপরীত মেরুতে হেঁটেছিলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। যথাসময়েই অর্থাৎ ২৪ জুলাই, ২০২০ শুরু হবে অলিম্পিক শুরু নিয়ে দৃঢ় অবস্থানে ছিলেন তিনি। অ্যাথলেটদেরও প্রস্তুত থাকতে বলেছিলেন আবে।

কিন্তু ২০২০ সালে অলিম্পিক হলে তাতে অংশ গ্রহণ করবে না বলে জানিয়ে দেয় কানাডা ও অস্ট্রেলিয়া। এভাবে বিভিন্ন দেশের স্পোর্টস গভর্নিং বডি কিংবা অলিম্পিক গভর্নিং বডি যখন পিছিয়ে যাচ্ছে, তখন যথাসময়ে অলিম্পিক আয়োজনের অবস্থান থেকে পিছিয়ে আসতে বাধ্য হয় আইওসি ও আয়োজক দেশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত