প্রণোদনার অর্থ ঋণখেলাপিরা পাবেন না

আপডেট : ১২ এপ্রিল ২০২০, ০৯:০৩ পিএম

করোনাভাইরাসের প্রকোপ মোকাবিলায় সরকার ঘোষিত প্রণোদনার অর্থ ঋণখেলাপিরা পাবেন না। বাংলাদেশ ব্যাংক রোববার শিল্প ও সেবা খাতের ৩০ হাজার কোটি টাকার চলতি মূলধন তহবিলের এ নীতিমালা জারি করে। 

এতে বলা হয়, তিনবারের বেশি ঋণ পুনঃতফসিল করেছে, এমন ব্যবসায়ীরাও এ তহবিল থেকে ঋণ পাবেন না। 

কেন্দ্রীয় ব্যাংক আরো জানায়, এ ঋণের মেয়াদ হবে তিন বছর, তবে সরকার প্রথম বছরে সুদ হিসাবে অর্ধেক বা সাড়ে ৪ শতাংশ বহন করবে। ব্যাংকগুলো নিজম্ব তহবিল থেকে ঋণ নীতিমালা মেনে এ ঋণ দেবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশের সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবন, শ্রমিক-কর্মচারীদের কাজে বহাল এবং উদ্যোক্তাদের প্রতিযোগিতা সক্ষমতা অক্ষুণ্ন রাখার লক্ষ্যে ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে স্বল্প সুদে ঋণসুবিধা প্রদানের লক্ষ্যে ৫ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষতিগ্রস্ত শিল্পপ্রতিষ্ঠানের জন্য ওয়ার্কিং ক্যাপিটাল বা চলতি মূলধনসুবিধা প্রদানের লক্ষ্যে ৩০ হাজার কোটি টাকার আর্থিক সহায়তা ঘোষণা করেন।

এ প্যাকেজের আওতায় ব্যাংকগুলো করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত শিল্প ও সেবা খাতে প্রতিষ্ঠানগুলোকে তাদের নিজস্ব তহবিল থেকে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ঋণসুবিধা দেবে। চলতি মূলধন হিসাবে ক্ষতিগ্রস্ত শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠানের সুদের বোঝা সহনীয় করার জন্য এ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। গ্রাহক পর্যায়ে সুদহার হবে ৯ শতাংশ। এর অর্ধেক বা সাড়ে ৪ শতাংশ সরকার সুদ ভর্তুকি দেবে।

নীতিমালা অনুযায়ী, এ ঋণ ব্যাংকগুলোর নিজস্ব ঋণ নীতিমালা অনুযায়ী অনুমোদিত হতে হবে এবং প্রতিটি ঋণের জন্য বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবৃদ্ধি ও নীতি বিভাগ থেকে সম্মতি গ্রহণ করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত